
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা ছাত্রলীগের নেতা ইমরান হোসেন হত্যার চতুর্থ বার্ষিকী আজ রোববার। এত দিনেও মামলাটির বিচারে সাক্ষ্য গ্রহণই শুরু হয়নি। হত্যাকাণ্ডটির বিচার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছে ইমরানের পরিবার।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, অভিযোগ গঠনের পর আসামিরা আদালতকে জানিয়েছিলেন, তাঁরা অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। সে জন্য সাক্ষ্য গ্রহণ কিছুটা পিছিয়েছে। তবে এখন আর বাধা নেই। সামনের তারিখ থেকেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সারা দেশে হরতাল আহ্বান করে। কর্মসূচি সফল করতে গোপালপুর উপজেলা সদরের তামাপট্টি এলাকায় বিএনপি মিছিল বের করে। সেখানে ছাত্রলীগের কর্মীরা হরতালবিরোধী মিছিল বের করেন। দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উপজেলা ছাত্রলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
ওই ঘটনার দুদিন পর ইমরানের বাবা একামত আলী ২৪ জনের নাম উল্লেখ করে গোপালপুর থানায় মামলা করেন। এটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১৩ সালের ৩১ জুলাই আদালতে ২৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। মামলাটি বর্তমানে টাঙ্গাইল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন।