চার বছরে সাতক্ষীরার আট হাজার মানুষ এলাকা ছেড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরা জেলার মুন্সিগঞ্জ উপজেলা ও শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে গত চার বছরে সাত হাজার ৯০০ মানুষ অভিবাসিত হয়েছেন। ২০০৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার পর জীবিকা হারিয়ে তাঁরা নিজ এলাকা থেকে স্থায়ী ও অস্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন। অভিবাসীদের এই সংখ্যা ওই এলাকার মোট জনসংখ্যার ১২ দশমিক ৩৩ শতাংশ। অভিবাসিত হয়ে অন্য এলাকায় গিয়ে কর্মক্ষেত্রে আগের চেয়ে কষ্টকর জীবন যাপন করছেন তাঁরা।অভিবাসন ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ না নিলে ২০৫০ সাল নাগাদ দেশের উপকূলীয় ১৯টি জেলা থেকে সর্বনিম্ন দুই কোটি ৭২ লাখ এবং সর্বোচ্চ তিন কোটি ৬৯ লাখ ৩০ হাজার মানুষ অন্যত্র চলে যাবেন। এ জন্য স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। সুপেয় পানির ব্যবস্থা করতে হবে। সর্বোপরি উপকূলীয় এলাকায় নির্মিত বেড়িবাঁধগুলো ঝড়ে ভেঙে যাওয়ার পর যত দ্রুত সম্ভব মেরামত করতে হবে।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দ্য সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (সিথ্রিইআর) গবেষণায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসনের ক্ষেত্রে সুশাসনের ভূমিকা’ শীর্ষক গবেষণার ফলাফল একটি কর্মশালার মাধ্যমে তুলে ধরা হয়। সাতক্ষীরার মুন্সিগঞ্জ ও শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ওপর পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিথ্রিইআরের চেয়ারম্যান আইনুন নিশাত।আইনুন নিশাত বলেন, অভিবাসীদের একটি বড় অংশ কাজের খোঁজে অস্থায়ীভাবে ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন। নদী সীমান্ত দিয়ে ভারতে পাড়ি দিয়ে দুই থেকে ছয় মাস কাজ করে তাঁরা আবার দেশে ফিরে আসছেন। এ ছাড়া সাতক্ষীরা সদর, খুলনা ও ঢাকায়ও এই অভিবাসন ঘটছে। এমনকি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলায়ও অনেকে যাচ্ছেন। অভিবাসনে সহায়তার জন্য স্থানীয়ভাবে একটি দালালচক্র তৈরি হয়েছে। অভিবাসিত মানুষগুলোর ধর্মীয় পরিচয় সম্পর্কে গবেষণায় দেখা গেছে, স্থানীয় মুসলমানদের ৯ দশমিক ১৩ শতাংশ, হিন্দুদের ১১ দশমিক ৯৩ শতাংশ ও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের ১৩ দশমিক ৩৩ শতাংশ অভিবাসিত হচ্ছেন।অভিবাসিত মানুষের উপার্জনের হিসাব দিতে গিয়ে দেখানো হয়েছে, যাঁরা ওই এলাকায় থেকে গেছেন, তাঁদের জন্য তেমন কোনো কাজের সুযোগ নেই। ২০১৩ সালের মে মাসে দেওয়া পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, বাংলাদেশের মানুষের বার্ষিক গড় আয় ৯২৩ ডলার। আর ওই দুই এলাকায় যাঁরা অভিবাসিত হয়েছেন, তাঁদের বার্ষিক গড় আয় ৬৭৮ ডলার। অভিবাসীদের মধ্যে মাত্র ১৩ দশমিক ৪ শতাংশ আমাদের জাতীয় গড় আয়ের সীমা ছুঁতে পেরেছেন। আর যাঁরা ওই এলাকায় থেকে গেছেন, তাঁদের গড় আয় মাত্র ৪৭৯ ডলার।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক আবদুল কাইয়ুম বলেন, ‘ঘূর্ণিঝড় আইলার পর বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত না করে কেন ভাঙন আরও বাড়তে দেওয়া হলো, তা আমাদের খুঁজে বের করতে হবে। এর সমাধান করতে হবে। সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্প যাতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে, সে ব্যবস্থা করতে হবে।’