কক্সবাজারকে এইচআইভি/এইডসের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। গত চার বছরে এইডসে আক্রান্ত হয়ে এই জেলায় মারা গেছে একজন নারী ও একজন শিশুসহ ১২ জন। আক্রান্ত হয়েছে ৩৫ জন।সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেশী দেশ মিয়ানমারে এইডস রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। মিয়ানমারের সীমান্ত জেলা ও পর্যটন শহর হওয়ায় কক্সবাজারকে মারাত্মক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ১২টি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে সচেতনতা বাড়িয়ে এবং চিকিৎসাসেবা দিয়ে কক্সবাজারকে এইডসমুক্ত করার চেষ্টা চলছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালের ২৯ এপ্রিল কক্সবাজার সদর হাসপাতালে মারা গেছে একজন। ওই সালের সেপ্টেম্বর মাসে একই হাসপাতালে মারা যায় আরও একজন। ২০০৭ সালে এইডসে আক্রান্ত হয়ে মারা গেছে একজন নারী ও একজন শিশুসহ পাঁচজন। এর মধ্যে তিনজনের বাড়ি মিয়ানমারে। গর্ভাবস্থায় ওই শিশুটি এইডসে আক্রান্ত হয়। ২০০৯ ও চলতি ২০১০ সালের নভেম্বর পর্যন্ত ১১ মাসে মারা গেছে আরও পাঁচজন। এ পর্যন্ত জেলায় এইডসে আক্রান্ত রয়েছে ৩৫ জন। এর মধ্যে তিনজন নারী।এইচআইভি নিয়ে কক্সবাজারে কর্মরত কয়েকটি সংস্থার কর্মকর্তারা জানান, শহরের আবাসিক হোটেল-মোটেল গেস্টহাউস ও আবাসিক এলাকায় প্রায় দুই হাজারের বেশি যৌনকর্মী রয়েছে। এদের মধ্যে অর্ধেককে নানা সেবা ও প্রশিক্ষণ দিয়ে সচেতন করা গেলেও বাকি লোকজন ধরাছোঁয়ার বাইরে থাকে। ফলে এইডসের ঝুঁকি থেকে যাচ্ছে। সচেতন মেলা: এইডস সম্পর্কে জনগণকে সচেতন করতে গতকাল বুধবার থেকে শহরের পাবলিক হল মাঠে আয়োজন করা হয়েছে সাত দিনব্যাপী এইডস সচেতন মেলা। বেলা ১০টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ। এর আগে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশের সহযোগিতায় এই মেলার আয়োজন করে জেলা তথ্য অফিস।