টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তার জন্য আগামী চার বছরের জন্য বাংলাদেশকে ১২০ কোটি মার্কিন ডলার দেবে জাতিসংঘ। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকায় জাতিসংঘ কান্ট্রি টিম সরকারের সঙ্গে একটি অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করেছে।
জাতিসংঘ উন্নয়ন সহায়তা ফ্রেমওয়ার্ক (ইউএনডিএএফ) ২০১৭-২০ হিসেবে পরিচিত এই চুক্তির উদ্দেশ্য হলো এসডিজি অর্জনে বাংলাদেশকে সহায়তা করা। মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি—এই তিনটি বিষয়ভিত্তিক কার্য-ফলাফলের ওপর সহায়তা কেন্দ্রীভূত থাকবে। এই তিন ক্ষেত্রের মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশের সব মানুষের সমান অধিকার, প্রবেশাধিকার ও সুযোগ নিশ্চিত করতে চায়। পাশাপাশি পরিবেশগত স্থিতিশীলতা তৈরি, মানব সক্ষমতা বৃদ্ধি এবং সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করাও লক্ষ্য। এর আগের চুক্তিটি পাঁচ বছর মেয়াদি ছিল। এবার তা চার বছরের জন্য করা হয়েছে যেন তা সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। আগামী চুক্তি পাঁচ বছর মেয়াদি হবে।
জাতিসংঘের ঢাকা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিল বলেন, এই কাঠামোর (ফ্রেমওয়ার্কের) মূল উদ্দেশ হলো টেকসই উন্নয়ন অর্জনে সরকারকে সহযোগিতা করা যেন তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য এবং সমন্বিতভাবে হয়। এটি জাতিসংঘের সংস্থাগুলোর এসডিজি সম্পর্কিত কাজের অগ্রাধিকার তৈরি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য একটি পথনির্দেশক হিসেবে কাজ করবে।