চার বছরেও অনুমোদন মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত হয় কুয়াকাটা ইকোপার্কের লেকের ওপর নির্মিত সেতু। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় সিডরে বিধ্বস্ত হয় কুয়াকাটা ইকোপার্কের লেকের ওপর নির্মিত সেতু। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ঘূর্ণিঝড় সিডর, আইলাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কুয়াকাটা ইকোপার্ককে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে প্রকল্প হাতে নিয়েছে বন বিভাগ। কিন্তু প্রকল্পটি অনুমোদন না হওয়ায় ইকোপার্কের সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় চার বছর ধরে থমকে আছে।
বন বিভাগ কার্যালয় থেকে জানা গেছে, ২০০৬ সালে কুয়াকাটা, খাজুরা, গঙ্গামতি ও টেংরাগিরি (ফাতরা) মৌজা নিয়ে কুয়াকাটা সৈকতে ইকোপার্ক নির্মাণের কাজ শুরু হয়। এই প্রকল্পে বনভূমিসহ ১৮ হাজার একর জমি আছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর থেকে বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ৮৯ লাখ টাকা। এই প্রকল্পের সংরক্ষিত বনাঞ্চলে কাঁটাতারের বেড়া দেওয়া, ফটক নির্মাণসহ স্থাপন করা হয়েছিল ইকোপার্ক কার্যালয়, রেস্ট হাউস, পিকনিক স্পট, কৃত্রিম লেক (হ্রদ)। ২০০৬-০৭ অর্থবছরেই প্রকল্পের কাজ শেষ হয়। পর্যটকদের কাছে এ ইকোপার্ক জনপ্রিয় হয়ে ওঠে।
২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর ও পরবর্তী সময়ে আইলায় ব্যাপক ক্ষতি হয় ইকোপার্ক। পরে পর্যটকদের আকৃষ্ট করতে এবং কুয়াকাটাকে নতুন করে সাজাতে সরকার বহুমুখী পরিকল্পনা হাতে নেয়। পটুয়াখালী বন বিভাগের কার্যালয় সূত্র জানায়, সরকারি প্রজ্ঞাপন জারির পর বন বিভাগ কুয়াকাটা ইকোপার্ক উন্নয়ন নামে একটি প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পে ব্যয় ধরা হয় ১৫ কোটি ৬৯ লাখ টাকা। প্রকল্পের আওতায় লতাচাপলী ইউনিয়নের কুয়াকাটা, গঙ্গামতি, খাজুরা মৌজার ১ হাজার ৬১৩ একর জমি নিয়ে গড়ার কথা কুয়াকাটা জাতীয় উদ্যান। এখানে থাকবে কুয়াকাটা জাতীয় উদ্যান কার্যালয়, রেস্ট হাউস, পিকনিক স্পট ও পর্যবেক্ষণ টাওয়ার, বনের ভেতর হেঁটে চলাচলের জন্য পথ, পর্যটকদের বসার স্থান, গোলঘর, প্রাকৃতিক ও কৃত্রিম লেক, খাল ও লেকের ওপর সেতু এবং শোভাবর্ধনকারী বাগান। সৈকতের পশ্চিমে টেংরাগিরি (ফাতরা) মৌজার বনে বন্যপ্রাণীর অভয়ারণ্য গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। ওই বনে ছাড়া হবে হরিণ ছাড়াও নানান প্রাণী। এ ছাড়া কুমিরের প্রজননকেন্দ্র স্থাপনেরও পরিকল্পনা নেওয়া হয়।
উপকূলীয় বন বিভাগের পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মিহির কান্তি প্রথম আলোকে বলেন, কুয়াকাটাকে নতুন রূপে সাজাতে ২০১১ সালে কুয়াকাটা ইকোপার্ক উন্নয়ন প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৯ লাখ টাকা। অনুমোদন পেলে কুয়াকাটাকে নতুন রূপে সাজানোর কাজ শুরু হবে।