রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ের ওপর করা আপিল চার বছরেও নিষ্পত্তি হয়নি। ফলে ১১ বছরেও নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি কার্যকর করা সম্ভব হয়নি।
অধ্যাপক এস তাহের আহমেদের মৃত্যুবার্ষিকীতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা র্যা লি ও সভা করে দ্রুত মামলার নিষ্পত্তি করে আসামিদের শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এসব কর্মসূচি পালিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবাদ র্যা লিটি বের হয়। এটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিভাগে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত স্মরণসভায় বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। বক্তারা হাইকোর্টের দেওয়া রায় দ্রুত নিষ্পত্তি ও কার্যকরের দাবি জানান। এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক খোন্দকার ইমামুল হক, অধ্যাপক হামিদুর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক সৈয়দ সামসুদ্দিন আহমেদ, অধ্যাপক মৃণাল কান্তি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাতে অধ্যাপক তাহের বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার নিজ বাসা থেকে নিখোঁজ হন। ৩ ফেব্রুয়ারি সকালে বাসার পেছনের সেপটিক ট্যাংক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বাসার কেয়ারটেকার জাহাঙ্গীরকে আটক করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি অধ্যাপক তাহেরের সহকর্মী জামায়াতপন্থী শিক্ষক মিয়া মো. মহিউদ্দিনকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক তাহেরের ছেলে সানজিদ আলভী নগরের মতিহার থানায় মামলা করেন।
ওই মামলায় ২০০৮ সালের ২২ মে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, কেয়ারটেকার জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীরের ভাই শিবির কর্মী আব্দুস সালাম ও নাজমুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আদালত। অভিযোগপত্রের অন্য দুই আসামি শিবির নেতা মাহবুবুল আলম সালেহী ও জাহাঙ্গীরের বাবা আজিমুদ্দিনকে বেকসুর খালাস দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন আসামিরা। ২০১৩ সালের ২১ এপ্রিল আপিলের রায়ে শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও কেয়ারটেকার জাহাঙ্গীর আলমের মৃত্যুদণ্ডাদেশ বহাল এবং জাহাঙ্গীরের ভাই শিবির কর্মী আব্দুস সালাম ও নাজমুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে অভিযোগপত্রভুক্ত দুই আসামি খালাস পাওয়ায় এবং অন্য দুজনের সাজা কমানোয় শিক্ষক তাহেরের পরিবারের পক্ষ থেকে আবার উচ্চ আদালতে আপিল করা হয়। কিন্তু চার বছর পরও ওই আপিলের নিষ্পত্তি হয়নি।
এ বিষয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক খোন্দকার ইমামুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রথমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ মামলার রায় হয় ২০০৭ সালে। কিন্তু পরবর্তী সময়ে আসামিরা আপিল করলে তাঁদের সাজা কমে যায়। কিন্তু বর্তমানে মামলাটির কোনো অগ্রগতি নেই। ২০১৩ সালে পরিবারের পক্ষ থেকে করা হাইকোর্টে আপিল শুনানিও শেষ হয়নি, যা হতাশার। দ্রুত এই মামলার বিচার নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের শাস্তি কামনা করছেন তাঁরা।