চার বছরেও চালু হয়নি ইনকিউবেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎ-সংযোগের অভাবে হাঁস-মুরগির বাচ্চা উৎপাদনের সরকারি ইনকিউবেটর চার বছরেও চালু হয়নি। এতে ক্ষুদ্র খামারিসহ ক্রেতারা স্বল্পমূল্যে হাঁস-মুরগির বাচ্চা সংগ্রহের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা ও মাঠকর্মী এবং হাঁস-মুরগির খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় চার বছর আগে ইনকিউবেটরটি প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে স্থাপন করা হয়। বাচ্চা উৎপাদনের জন্য সব ধরনের প্রস্তুতি থাকলেও শুধু বিদ্যুৎ-সংযোগের অভাবে এটি চালু করা যায়নি। দীর্ঘদিনেও চালু না হওয়ায় প্রায় সাত লাখ টাকা মূল্যের এই যন্ত্রটি অকেজো হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইনকিউবেটরটি চালু হলে সরকারিভাবে বাচ্চা উৎপাদন করে কম মূল্যে খামারিদের কাছে বিক্রি করা যেত।
এ ছাড়া খামারিরা সমিতির ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যন্ত্রটি ব্যবহার করে কম মূল্যে বাচ্চা পাওয়ার সুযোগ পেতেন। অন্যরাও কম মূল্যে এখান থেকে বাচ্চা কিনতে পারতেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরেন্দ্রনাথ সাহা বলেন, ‘সাড়ে তিন মাস আগে আমি এই কার্যালয়ে যোগদান করেছি। আমি বিদ্যুৎ বিভাগে যন্ত্রটিতে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার জন্য আবেদন করেছি।’ তিনি আরও বলেন, মুরগির বাচ্চা উৎপাদনে ২১ দিন এবং হাঁসের বাচ্চা উৎপাদনে লাগে ২৮ দিন। এই যন্ত্রটি দিয়ে একই সঙ্গে প্রায় তিন হাজার বাচ্চা উৎপাদন করা সম্ভব। একটি বাচ্চা বাইরে থেকে কিনতে ৩৫-৩৬ টাকা লাগে, সে ক্ষেত্রে এই সরকারি যন্ত্রে বাচ্চা উৎপাদিত হলে খুবই কম মূল্যে বাচ্চা পাওয়া সম্ভব হবে এবং কোটালীপাড়ার খামারিদের চাহিদা মেটানো যাবে।