ভবন নির্মাণ চার বছর আগে শেষ হলেও এখনো চালু হয়নি সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক স্মৃতি পাঠাগার।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের উদ্যোগে ১২ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এ পাঠাগার ভবন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পাঠাগারে বই আছে শ খানেক।
একজন তত্ত্বাবধায়ক দৈনিক বেতনের ভিত্তিতে পাঠাগারের দেখভাল করেন।
স্থানীয় কয়েকজন অভিভাবক ও শিক্ষক বলেন, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের নামে প্রতিষ্ঠিত পাঠাগারটি অবহেলিত। পাঠাগারটি চালু হলে এলাকার শিক্ষার্থীরা প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবে।
লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আক্তার আহমদ সিকদার বলেন, লোহাগাড়া উপজেলার মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের স্মৃতি রক্ষায় পাঠাগারটি নির্মাণ করা হয়। এটি চালু হলে এলাকার নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
লোহাগাড়া মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের জন্য এ পাঠাগারে পাঠ্যবই, শিল্প-সাহিত্য ও বিজ্ঞানবিষয়ক বই রাখলে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটবে।
পাঠাগারের তত্ত্বাধায়ক লিটন মল্লিক জানান, তিনি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঠাগার খোলা রাখেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান বলেন, এ পাঠাগারের জন্য বার্ষিক বরাদ্দ ও লোকবল নিয়োগ দেওয়া হয়নি। তার পরও এটি চালুর জন্য প্রয়োজনীয় বই ও আসবাবপত্র সংগ্রহের চেষ্টা চলছে।