চার বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র না দেওয়ায় ক্ষোভ

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের চার বছরেও অভিযোগপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। ত্বকী হত্যাকাণ্ডসহ নারায়ণগঞ্জে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তাঁরা।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘ত্বকী ওঙ্কারে গন্ধর্বে’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এসব দাবি উঠে আসে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের প্রকাশনায় এ বইয়ে ত্বকী হত্যা নিয়ে প্রকাশিত লেখা ও কবিতা সংযোজিত হয়েছে বলে জানিয়েছেন বইটির সম্পাদক হালিম আজাদ। ত্বকীর জন্মদিন উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নির্বাচিত ছয়টি লেখাও এতে গ্রন্থিত হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ত্বকী হত্যাকাণ্ডের ঘটনাটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। এটা রাজনৈতিক হত্যাকাণ্ড। পিতার ওপর প্রতিশোধ নিতে তার কিশোর ছেলেকে হত্যা করা হয়। কোনো অপরাধ না করেও একজন কিশোরকে নৃশংসভাবে খুন হতে হলো। যারা হত্যা করেছে তারা চিহ্নিত হলেও তারা বিচারের আওতায় নেই। এটা রাষ্ট্রব্যবস্থার সমস্যা বলে মনে করেন এ শিক্ষাবিদ।
সিরাজুল ইসলাম চৌধুরী চৌধুরী বলেন, ত্বকীর মতো কিশোরেরা যাতে নিরাপদে থাকতে পারে, তাদের মেধার বিকাশ ঘটাতে পারে সে ধরনের ব্যবস্থা তৈরি করতে হবে।
উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি শফিউদ্দিন আহমেদ দ্রুত ত্বকী হত্যার অভিযোগপত্র দেওয়ার দাবি জানান। পাশাপাশি এ বিষয়ে শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের শক্ত ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, হত্যাকাণ্ডের এক বছরের মধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার রহস্য উদ্ঘাটন করে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরে। তারপরও এখন পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হলো না। তিনি আবারও অভিযোগ করে বলেন, যে পরিবারটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের প্রতি সরকারের আনুকূল্য রয়েছে বলে অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের তথ্য তুলে ধরে তিনি বলেন, এখন সরকার চাইলে বিচার হয়, না হলে হয় না। ত্বকীর বাবা বলেন, ‘যদি ত্বকী হত্যার বিচার শেষ করতে হয় তাহলে প্রধানমন্ত্রীকেই ঘোষণা দিতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হয় নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে ত্বকী। দুই দিন পর ৮ মার্চ সকালে ত্বকীদের বাসার অদূরে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। ওই দিন ত্বকীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।