নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের চার বছর পূর্তি হচ্ছে আজ ৬ জুলাই। র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) এই মামলার তদন্ত করছে। কিন্তু তিন বছরেও আদালতে অভিযোগপত্র দেয়নি র্যা ব।
র্যা ব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন, এটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি মামলা। এ মামলার তদন্তকাজ চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুত্ব সহকারে তদন্ত করছেন। তদন্তের অগ্রগতি আদালতের নির্দেশ মোতাবেক নিয়মিত জমা দেওয়া হচ্ছে।
ত্বকী হত্যাকাণ্ডের চার বছর পূর্তি উপলক্ষে গত শনিবার থেকে তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। আজ সোমবার সকাল সাড়ে আটটায় বন্দরে সিরাজ শাহর আস্তানায় ত্বকীর কবর জিয়ারত ও মিলাদ মাহফিল হবে। বিকেলে ২ নম্বর রেলগেট প্রাঙ্গণে গণসমাবেশ হবে। এতে বক্তব্য দেবেন প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মুহাম্মদ প্রমুখ।
গতকাল রোববার জানতে চাইলে ত্বকীর বাবা রফিউর রাব্বি প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী কোনো অপরাধ সংঘটিত হওয়ার ৯০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু চার বছরেও এই হত্যাকাণ্ডের অভিযোগপত্র না দেওয়া এটি বিচারহীনতার সংস্কৃতির একটি বহিঃপ্রকাশ। আমরা যে বিষয়টি বুঝতে পারছি, সরকার আসলে যে বিচারগুলো করতে চায়, সেই বিচারগুলো হয়। আর যে বিচার করতে চায় না, তা হয় না। ত্বকী হত্যাকাণ্ডের চার বছর পার হয়ে যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত অভিযোগপত্র দেওয়া হয়নি, এ জন্য ত্বকী হত্যার সঙ্গে যে ওসমান পরিবার জড়িত, আমরা তা মনে করতে বাধ্য হচ্ছি। সরকারের আনুকূল্য ও পৃষ্ঠপোষকতা থাকার কারণেই অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। ত্বকী হত্যাকাণ্ডের পর সারা দেশের মানুষ এটি জেনেছে, ওসমান পরিবার খুনের সঙ্গে জড়িত। আমরা শুধু ত্বকী হত্যা না, এর আগে এখানে আশিক, মিঠু, চঞ্চলসহ যেসব হত্যাকাণ্ড হয়েছে, সব কটির বিচার চাই।’
২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নারায়ণগঞ্জ শহরের বাসার সামনে থেকে নিখোঁজ হয়। ওই দিন ত্বকীর বাবা রফিউর রাব্বি সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুই দিন পর ৮ মার্চ সকালে বাসার অদূরে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়। ওই দিন ত্বকীর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
ত্বকী ইংরেজি মাধ্যমে পড়ত। যেদিন তার লাশ পাওয়া যায়, সেদিনই তার ‘এ’ লেভেল পরীক্ষার ফল প্রকাশিত হয়। ব্রিটিশ কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত ওই পরীক্ষায় সে দুটি বিষয়ে বাংলাদেশি পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পায়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যা ব ইউসুফ হোসেন ওরফে লিটন, সুলতান শওকত ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে ইউসুফ ও সুলতান শওকত ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করে। কিন্তু পরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ত্বকীর বাবা। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে র্যা ব তদন্ত শুরু করে।
এ হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীতে ২০১৪ সালের মার্চ মাসে র্যা ব সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ত্বকী হত্যাকাণ্ডে আজমেরী ওসমানসহ ১১ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। যেকোনো দিন এই হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হবে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আমরা শুরু থেকেই ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। তদন্তকারী সংস্থা র্যা ব খসড়া অভিযোগপত্র তৈরি করে গণমাধ্যমকে বলে, ত্বকী হত্যার খুনিদের চিহ্নিত করা গেছে। আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন তার নির্যাতন কেন্দ্রে ত্বকীকে হত্যা করা হয়। আমরা আশান্বিত হয়েছিলাম। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। কিন্তু এত দিনেও অভিযোগপত্রই দেওয়া হয়নি।’