সিলেট নার্সিং ইনস্টিটিউটকে ২০১১ সালে কলেজে রূপান্তর করা হলেও এখন পর্যন্ত কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। আগের প্রশিক্ষকেরাই চালাচ্ছেন কলেজের শিক্ষা কার্যক্রম। এতে করে কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা।
শুধু বিশেষজ্ঞ শিক্ষকের অভাবই নয়, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীও নিয়োগ দেওয়া হয়নি কলেজে। ফলে প্রশিক্ষকদেরই সেসব অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
১৯৭০ সালে সিলেট নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এটিকে নার্সিং কলেজে রূপান্তরিত করা হয় ২০১১ সালে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং, তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ছয় মাস মেয়াদি পোস্ট বেসিক অ্যাডভান্স সিক্স মান্থ মিডওয়াইফারি প্রোগ্রাম কোর্স চালু রয়েছে। এসব বিষয়ে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন।
কলেজ সূত্র জানায়, কলেজ প্রতিষ্ঠার আগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার সেবা অধিদপ্তরের এডুকেশন অ্যান্ড সার্ভিসেস প্রোগ্রামের তৎকালীন ভারপ্রাপ্ত পরিচালক জাহানারা বেগম কলেজের লোকবল অনুমোদনের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিলেন। ওই প্রস্তাবে একজন উপাধ্যক্ষ, ১০ জন অধ্যাপক, ১৪ জন সহযোগী অধ্যাপক, ৩৫ জন সহকারী অধ্যাপক, ১৩ জন জ্যেষ্ঠ প্রভাষক, ৫৭ জন প্রভাষকসহ আরও ৯৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার কথা বলা হয়। অথচ কলেজে রূপান্তরিত হওয়ার চার বছরেও সেই প্রস্তাব অনুমোদিত হয়নি।
কলেজের প্রশিক্ষক অঞ্জলি রানী দেব বলেন, লোকবলের অভাবে একজন প্রশিক্ষকের তিন থেকে চার গুণ বেশি কাজ করতে হচ্ছে। বিশেষজ্ঞ শিক্ষকের অভাব তো রয়েছেই, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী না থাকায় প্রশিক্ষকদেরই সেসব অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
জানতে চাইলে কলেজের অধ্যক্ষ শিল্পী চক্রবর্তী বলেন, ‘প্রশিক্ষক হিসেবে যাঁরা কর্মরত আছেন, তাঁরা অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন। তাই তাঁদের যোগ্যতা অনুযায়ী কলেজের শিক্ষক পদে পদায়ন করার পাশাপাশি বিশেষজ্ঞ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়ে একাধিকবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। কিন্তু কেন এর সমাধান হচ্ছে না, সেটি আমরা বলতে পারব না।’
অধ্যক্ষ আরও বলেন, শিক্ষকসংকট দূর করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের পাঠদানে কোনো বিঘ্ন হচ্ছে না।