
রাজবাড়ীর পাংশা পৌরসভায় তিন কিলোমিটার নর্দমা নির্মাণে কার্যাদেশ দেওয়া হয় ২০১৩ সালের জানুয়ারিতে। এক বছর মেয়াদি প্রকল্পটির কাজ চার বছরেও শেষ হয়নি। এ ছাড়া নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এরই মধ্যে নির্মাণ করা নর্দমার বিভিন্ন স্থান ভেঙে বেহাল হয়ে পড়েছে। যদিও এখনো কাজ বুঝিয়ে দেওয়া হয়নি।
পাংশা পৌরসভা সূত্রে জানা যায়, শহরের মধ্যে ২ দশমিক ৯৯৫ কিলোমিটার নর্দমা নির্মাণের জন্য ২০১২ সালের সেপ্টেম্বরে দরপত্র আহ্বান করা হয়। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার টাকা। চারটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব পায়। এর মধ্যে বাধন ট্রেডার্স ও শাহ জুঁই এন্টারপ্রাইজের মালিক যথাক্রমে ইদ্রিস আলী মণ্ডল ও ছিদ্দিকুর রহমান। এঁরা তৎকালীন মেয়র ওয়াজেদ আলী মণ্ডলের আপন ভাই। অন্য দুই ঠিকাদারি প্রতিষ্ঠান রাজীব এন্টারপ্রাইজের আলী আকবর ও আমানত এন্টারপ্রাইজের নজরুল ইসলাম তাঁদের আত্মীয়। ২০১৩ সালের জানুয়ারিতে এক বছর মেয়াদি এসব প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আরও এক বছর মেয়াদ বাড়ানো হয়। তবে এখনো এসব প্রকল্পের কাজ শেষ হয়নি। ইতিমধ্যে ঠিকাদারেরা ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা উঠিয়ে নিয়েছেন। এর মধ্যে বাধন ট্রেডার্স ৪৮ লাখ, শাহ জুঁই এন্টারপ্রাইজ ২২ লাখ, রাজীব এন্টারপ্রাইজ ৪৭ লাখ ও আমানত এন্টারপ্রাইজ ২৭ লাখ ৫০ হাজার টাকা তুলে নিয়েছে।
অনিয়মের অভিযোগ অস্বীকার করে শাহ জুঁই এন্টারপ্রাইজের ছিদ্দিকুর রহমান বলেন, ‘নিয়ম মেনে ড্রেন নির্মাণের কাজ হয়েছে। এর নকশায় ভুল ছিল। আর কাজের মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে এখন ভেঙে গেলেও আমাদের করার কিছুই নেই। তা ছাড়া আমাদের পুরো টাকা এখনো দেওয়া হয়নি।’
ইদ্রিস আলী মণ্ডল বলেন, ‘বরাদ্দের সব টাকা পাইনি। এ কারণে কাজ বন্ধ হয়ে আছে। বাকি টাকা পেলে অবশিষ্ট কাজ ও ভাঙা অংশ ঠিক করে দেব।’
সরেজমিনে দেখা যায়, রাস্তার দুই পাশ দিয়ে ড্রেন তৈরি করা হয়েছে। ড্রেনের ওপর দিয়ে তৈরি করা হয়েছে পায়ে হাঁটার রাস্তা (ফুটপাত)। কিন্তু ড্রেনের বিভিন্ন স্থানে স্লাব ভেঙে গেছে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হয়েছে। কেউ কেউ ভাঙা অংশে বস্তা ফেলেছেন। এতে একটু অসাবধান হলেই হোঁচট খাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পথচারী অনামিকা রায় বলেন, একে তো ফুটপাতের বিভিন্ন স্থান দখল করা হয়েছে, আবার কোনো কোনো স্থানে ভেঙে গর্ত তৈরি হয়েছে। এটি সাধারণ মানুষের ব্যবহার উপযোগী নেই।
পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক বাহারাম হোসেন বলেন, শহরের মধ্যে উভয় পাশের মার্কেট থেকে রাস্তা নিচু হওয়ার ড্রেন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু ড্রেনে ঠিকমতো পানি চলাচল করতে পারে না। জলাবদ্ধতা তৈরি হয়। এ সমস্যা নিরসনে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি।
পৌরসভার প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আজিবর রহমান বলেন, নর্দমার নির্মাণকাজে সিমেন্ট, বালু, খোয়া প্রভৃতি উপকরণ নিয়মমাফিক দেওয়া হয়নি। এ জন্য অল্প সময়ের মধ্যে এগুলো ভেঙে পড়েছে। ঠিকাদারেরাও এখনো কাজ বুঝিয়ে দেননি।
পৌরসভার মেয়র আবদুল আল মাসুদ বিশ্বাস বলেন, অনিয়মের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।