চার বছরেও বাতিল হয়নি অবৈধ ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বেতার রাজশাহী প্রেরণ কেন্দ্রের ১৮ একর জায়গা অবৈধভাবে ইজারা দেওয়ার চার বছর পার হলেও এখনো তা বাতিল করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর অবৈধ ইজারা চুক্তি বাতিলের নির্দেশ দেওয়া হলেও এক বছরেও তা কার্যকর হয়নি। এতে ক্রমেই বনভূমিতে পরিণত হচ্ছে রাজশাহী বেতারের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই এলাকাটি।
বেতার কেন্দ্র থেকে জানা গেছে, বেতারের প্রেরণ কেন্দ্রকে কি প্রটেকশন ইনস্টলেশন (কেপিআই) বা সর্বাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা এলাকা হিসেবে বিবেচিত হয়। দেশের পাঁচ ধরনের কেপিআই এলাকার মধ্যে বেতারের প্রেরণ কেন্দ্র ১ (বি) ক্যাটাগরির মধ্যে পড়ে। এর নিরাপত্তাপ্রধান হচ্ছেন বেতারের মহাপরিচালক (ডিজি)। মহাপরিচালকের নিরাপত্তা ছাড়পত্র ছাড়া এ এলাকা ইজারা দেওয়া যায় না।
বাংলাদেশ বেতার রাজশাহীর প্রেরণ কেন্দ্রটি ২০১০ সালের ৩ আগস্ট রাজশাহীর তৎকালীন আঞ্চলিক প্রকৌশলী বন বিভাগকে ইজারা দেন। ইজারা দেওয়ার জন্য মহাপরিচালকের ছাড়পত্র নেওয়া হয়নি।
চুক্তির শর্ত অনুযায়ী অংশীদারির ভিত্তিতে বনায়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে বেতারের প্রেরণ কেন্দ্রের প্রায় ১৮ একর জায়গা বন বিভাগ ২০ বছরের জন্য ব্যবহার করবে। অবস্থার ভিত্তিতে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে চুক্তির মেয়াদ আরও ২০ বছর বৃদ্ধি করতে পারবে। চুক্তিতে বলা হয়েছে যে, ভূমি মালিক সংস্থা (বেতার) জমিতে উৎপাদিত ফসলের ২০ শতাংশ, বন অধিদপ্তর ১০ শতাংশ, সিটি করপোরেশন ৫ শতাংশ, ট্রি ফার্মিং ফান্ড ১০ শতাংশ এবং উপকারভোগীরা পাবে ৫৫ শতাংশ। চুক্তিনামায় প্রথম পক্ষ হিসেবে স্বাক্ষর করেছেন বাংলাদেশ বেতার রাজশাহীর তৎকালীন আঞ্চলিক প্রকৌশলী আবুল কাশেম। দ্বিতীয় পক্ষে করেছেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার মিয়া।
এই চুক্তিনামার আলোকে ২২ জন উপকারভোগী এই সংরক্ষিত এলাকায় চাষবাস শুরু করেন। এই জমিতে চার হাজার খয়েরগাছ এবং লাক্ষা উৎপাদনের জন্য পোষক গাছ হিসেবে এক হাজার লাক্ষা (কুল) গাছ রোপণ করা হয়। চার বছর পর এখন এ গাছগুলো বেশ বড় হয়ে গেছে।
এরই মধ্যে খয়েরগাছ বেড়ে ওঠায় বেতার প্রেরণ কেন্দ্রের বিশাল এলাকায় জঙ্গলাকীর্ণ হয়ে উঠেছে। স্থানীয় লোকজনের আশঙ্কা, এলাকাটি অপরাধীদের নিরাপদ বিচরণক্ষেত্র হয়ে গেছে। ২০১২ সালের ডিসেম্বর মাসে এই কেন্দ্রের ভেতরের পুলিশ ব্যারাকের পাশে একজন পুলিশ সদস্যকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে ফেলে নির্বিঘ্নে এই জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় পরে তাঁকে উদ্ধার করে প্রথমে রাজশাহীতে ও পরে ঢাকায় পাঠানো হয়।
বেতার থেকে জানা গেছে, ২০১১ সালের শেষের দিকে অবৈধ ইজারার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ নিয়ে সরকারের ওপর মহলে তোলপাড় শুরু হয়। মহাপরিচালক রাজশাহী বেতারের আঞ্চলিক প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেন। ২০১৩ সালের জুন মাসে মহাপরিচালক অতিসত্বর এ চুক্তি বাতিলের জন্য রাজশাহী বেতারকে চিঠি দেন। আঞ্চলিক পরিচালক বিধি অনুযায়ী আঞ্চলিক প্রকৌশলীকে চিঠি দেন।
এরপর বেতার থেকে চুক্তি বাতিলের জন্য বন বিভাগকে চিঠি দেওয়া হয়। কিন্তু চুক্তিপত্রে রয়েছে, কোনো সমস্যা হলে দুই পক্ষ বসে আলোচনা করে সমাধান করতে হবে। এ জন্য বন বিভাগ বাগানের সম্ভাবনার কথা উল্লেখ করে চুক্তি বাতিল না করে সমস্যা সমাধানের জন্য আলোচনার কথা বলেন। কিন্তু এরপর প্রায় এক বছর হলেও ইজারাটি আর বাতিল করা হয়নি।
বাংলাদেশ বেতার রাজশাহীর বর্তমান আঞ্চলিক প্রকৌশলী (আরই) মোফাজ্জল হোসেন বলেন, ‘আমি নতুন দায়িত্বে এসেছি। এ বিষয়ে তেমন কিছু জানি না।’