আজ বুধবার টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী। কিন্তু চার বছরেও শুরু হয়নি এই হত্যাকাণ্ডের বিচারকাজ।
পুলিশ ও নিহত ফারুকের পারিবার সূত্র জানায়, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তাঁর কলেজপাড়া এলাকার বাসার সামনে পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্ত্রী নাহার আহমেদ সদর থানায় মামলা করেন। ২০১৪ সালের আগস্টে এই মামলায় আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তি গ্রেপ্তার হন। আদালতে তাঁদের স্বীকারোক্তিতে সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে আমানুর ও তাঁর ভাইয়েরা আত্মগোপনে চলে যান।
গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর, তাঁর তিন ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান কাকন, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এদিকে প্রধান আসামি আমানুর গত ১৮ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন। তবে তাঁর তিন ভাই এখনো গ্রেপ্তার হননি।
টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান বলেন, মামলার অভিযোগ গঠনের জন্য তিনটি তারিখ পার হয়ে গেছে। কিন্তু সাংসদকে অভিযোগ গঠনের তারিখে আদালতে হাজির না করায় শুনানি হয়নি। ফলে পিছিয়ে যাচ্ছে অভিযোগ গঠন।
ফারুক আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আজ বুধবার সকালে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, দলীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিল এবং বিকেলে হত্যাকারীদের বিচারের দাবিতে গণমিছিলের আয়োজন করেছে।