চার বছরেও শিক্ষক-কর্মচারীদের চাকরি বিধিমালা বাস্তবায়িত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামসহ দেশের নয়টি মডেল স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের চাকরি বিধিমালা বাস্তবায়িত হয়নি গত চার বছরেও। ২০০৯ সালে আইন মন্ত্রণালয় তাঁদের চাকরি বিধিমালা অনুমোদন করলেও এর বাস্তবায়ন হয়নি।পরবর্তীকালে চাকরিবিধির বাংলা রূপান্তরের ফলে এর মৌলিক নীতিমালায় পরিবর্তন ঘটে, যা প্রত্যাখ্যান করেন শিক্ষক-কর্মচারীরা। তাঁরা পুরোনো বিধিটির বাস্তবায়ন চান। আগামীকাল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।বাংলাদেশ মডেল কলেজ শিক্ষক-কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদিত চাকরি বিধিমালার পরিপূর্ণ বাস্তবায়ন চাই। তা না হলে আমরা আইনি প্রক্রিয়ার আশ্রয় নেব।’জানা যায়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে সারা দেশে নয়টি মডেল স্কুল ও কলেজ পরিচালিত হচ্ছে। এর মধ্যে ঢাকায় চারটি এবং রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশালে একটি করে রয়েছে। ২০০৪ সালে উচ্চমাধ্যমিক মডেল বিদ্যালয় (বেসরকারি বিদ্যালয়) প্রকল্পের আওতায় প্রথমে ঢাকা ও রাজশাহীতে একটি করে মডেল স্কুল ও কলেজ গড়ে ওঠে। পরে ২০০৭ সালে অন্যান্য বিভাগীয় শহরে বাকিগুলো প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়। ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর মডেল স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বিধিমালা অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়। গত বছরের ১২ মার্চ ঢাকা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান ফাহিমা খাতুনকে আহ্বায়ক করে ওই বিধিমালা ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়। অভিযোগ রয়েছে, বাংলায় রূপান্তরের পর বিধিমালার মূল নীতিমালায় ব্যাপক পরিবর্তন ঘটে। এতে নতুন করে ছাঁটাইয়ের বিধান চালু করা হয়। এ ছাড়া পেনশনের সুবিধা ও দলগত বিমা বাদ দেওয়া, বিশেষ ভাতা ৫০ শতাংশ থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, নিয়োগবিধি পরিবর্তনসহ বেশ কিছু রদবদল করা হয়।