চার বছরেও শুরু হয়নি ৫০ শয্যার কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনিক অনুমোদন পাওয়ার চার বছরেও লোকবল-সংকট ও যন্ত্রপাতির অভাবে নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার কার্যক্রম শুরু হয়নি। চিকিৎসক ও নার্স-সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বর্তমান ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করতে ২০১১ সালের ৮ আগস্ট প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। এ জন্য ২০১২-১৩ অর্থবছরে ৪ কোটি ৮৫ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু এখন পর্যন্ত ৫০ শয্যার জন্য প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি দেওয়া হয়নি। বাড়ানো হয়নি সুযোগ-সুবিধা।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, নতুন ভবনের দোতলায় ১৯ শয্যার একটি ওয়ার্ড ও দুটি আধুনিক অস্ত্রোপচারকক্ষ, নিচতলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য চেম্বার, আলট্রাসনোগ্রাম ও এক্স-রের জন্য আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির অভাবে ভবনটিতে চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি।
এদিকে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকার কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে চিকিৎসা নিতে আসা মানুষ। এলাকাবাসী, রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলা জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিতে ২০০ থেকে ২৫০ জন রোগী আসে। ভর্তি থাকে ৪০ জনের বেশি। শয্যাসংকটের কারণে বাধ্য হয়ে রোগীদের হাসপাতালের ওয়ার্ড ও বারান্দার মেঝেতে আশ্রয় নিতে হয়। ১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে সাতজন চিকিৎসক আছেন। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৯৭টি পদ থাকলেও বর্তমানে ৪৪টি শূন্য। এক্স-রে মেশিন থাকলেও টেকনিশিয়ান প্রেষণে থাকায় সেটিও চলে না। আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিনও দীর্ঘদিন ধরে অকেজো।
জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনজুরুল আলম বলেন, ‘প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতির সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলতে বলতে আমরা ক্লান্ত। ৫০ শয্যা তো দূরের কথা ৩১ শয্যার হাসপাতালের জন্য যে লোকবল দরকার, তার ৫০ শতাংশই নেই। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েই আমাদের কাজ করতে হচ্ছে।’
সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে ভবনের উদ্বোধন করে গেলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটির ৫০ শয্যার চিকিৎসা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহের জন্য বারবার কর্তৃপক্ষকে বলা হলেও কোনো কাজ হচ্ছে না।