চার বছরেও শেষ হয়নি ভবন নির্মাণের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী হাইওয়ে থানার নিজস্ব ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের জানুয়ারিতে। দুই বছর ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। দেড় বছর মেয়াদি এ প্রকল্পের কাজ প্রায় চার বছরেও শেষ হয়নি।

এ দিকে ভাড়া বাসায় থানার কার্যক্রম পরিচালিত হওয়ায় অস্ত্রাগারের নিরাপত্তা হুমকি দেখা দিচ্ছে। এ ছাড়া পুলিশ সদস্যদের আবাসনসংকট তীব্রতর হচ্ছে।

এ সম্পর্কে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, ‘মূল ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে সেখানে থানার কার্যক্রম শুরু করতে পারছি না। ভবনে বাথরুম, পানির লাইন, ফ্লোরে টাইলস বসানো, রং করা ও ইলেকট্রিক সংযোগের কাজ করা হয়নি। ভাড়া বাসায় থানার কার্যক্রম চলছে। ভাড়া বাবদ খরচ হচ্ছে মাসে ২০ হাজার টাকা। পুলিশ সদস্যদের থাকতে খুবই সমস্যা হয়। তা ছাড়া, জায়গার অভাবে অস্ত্রাগারসহ জব্দ করা যানবাহন রাখতে খুবই সমস্যায় পড়তে হচ্ছে।’

১৯৯৯ সালে বরিশালের গৌরনদী হাইওয়ে থানা গঠিত হওয়ার পরে অস্থায়ীভাবে গৌরনদী সদরের গৌরনদী বাসস্ট্যান্ডের অডিটরিয়ামে থানার কার্যক্রম শুরু হয়। ২০১৩ সালে থানার নিজস্ব ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। অডিটরিয়ামটি ব্যবহার অনুপযোগী হওয়া সত্ত্বেও কয়েক বছর ধরে সেখানেই থানার কার্যক্রম চলে আসছিল। এ বছর উপজেলা পরিষদ নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। দুই মাস আগে ভবনটি ভেঙে ফেলা হলে থানার কার্যক্রম ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে।

বরিশাল গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ডিসেম্বরে গৌরনদী হাইওয়ে থানার দ্বিতল ভবন নির্মাণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়। বরিশালের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স টিপু সুলতান কনস্ট্রাকশন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। কার্যাদেশের শর্ত অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের মধ্যে প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। ২০১৪ সালের জানুয়ারিতে ভবন নির্মাণের কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বিল হিসেবে প্রায় কোটি টাকার বিল তুলে নেয়। ২০১৪-১৫ অর্থবছরে বাড়তি বরাদ্দের জন্য আবেদন করে প্রতিষ্ঠানটি। দুই বছর ধরে ওই প্রকল্পের কার্যক্রম বন্ধ আছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে হাইওয়ে থানায় ঢুকতে পাকা সড়কটি একাধিক স্থানে ভেঙে গেছে। অনেক স্থানে পিচ-পাথর উঠে গেছে। থানা ভবনের মূল ফটকে গিয়ে দেখা যায়, স্টিল সিটের তৈরি প্রধান ফটকটিতে মরিচা ধরেছে এবং পূর্ব পাশের অংশটি ভেঙে মাটিতে পড়ে আছে। মূল ভবনের কলাপসিবল গেট ও গ্রিলে মরিচা ধরেছে। বাথরুমগুলো প্রস্তুত হয়নি। ওয়্যারিং ও মেঝেতে টাইলস বসানোর কাজ বাকি আছে।

ঠিকাদার মো. শফিকুল ইসলাম বলেন, ‘৮৫ ভাগ কাজ সমাপ্ত হয়েছে। ৫৩ লাখ টাকার বিল বাকি রয়েছে। অতিরিক্ত ব্যয় অনুমোদন না হওয়ায় বিলের টাকা পাওয়া যাচ্ছে না। তাই কাজও শেষ করা যাচ্ছে না।’

বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায় বলেন, একনেকে অনুমোদনসংক্রান্ত কিছু সমস্যা ছিল। এখন তা মিটে গেছে। অতি দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।