চার বছরেও সংস্কার হয়নি আগুনে পুড়ে যাওয়া ব্যারাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে নড়াইল সদরের গোপীকান্তপুর আশ্রয়ণ প্রকল্পের দুটি ব্যারাক আগুনে পুড়ে যায়। সংস্কার না করায় মানবেতর জীবনযাপন করছে ২০টি পরিবার। শীত আসার আগেই ঘরগুলো সংস্কার করার দাবি জানিয়েছে তারা।
ক্ষতিগ্রস্ত পরিবার এবং আশ্রয়ণ প্রকল্পের অন্য বাসিন্দারা বলেন, ২০১০ সালে ৯ নম্বর ব্যারাকের বাসিন্দা সলোকা বেগমের রান্নাঘর থেকে আগুন লাগে। এতে ব্যারাকের ১০টি পরিবার এবং এর এক বছর পর ৩ নম্বর ব্যারাকের আমিনুর মোল্যার ঘর থেকে আগুন লেগে আরও ১০টি পরিবারের সবকিছু পুড়ে যায়। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তিন হাজার টাকা ও ২০ কেজি করে চাল দিয়ে সহায়তা করে। এরপর দীর্ঘ চার বছর পার হলেও কেউ আর খোঁজ নেয়নি; ব্যারাক দুটিরও সংস্কার হয়নি।
প্রকল্পের সভাপতি আলমগীর হোসেন বলেন, ব্যারাক দুটি মেরামত করতে ইউএনওর কাছে কয়েকবার দরখাস্ত দেওয়া হলেও কাজ হয়নি।
ইউএনও জাকির হোসেন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক সহায়তা দিয়ে সংস্কারের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
জেলা প্রশাসক আবদুল গাফফার খান বলেন, প্যারাক মেরামতের জন্য দুই বছর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে মেরামত করা হবে।
উপজেলা পরিষদ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০০৩ সালে সদর উপজেলার গোপীকান্তপুর এবং নাকশিতে দুটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হয়। প্রকল্পে নয়টি করে ব্যারাক তৈরি করা হয়। প্রতিটি ব্যারাকে ১০টি পরিবার বসবাস করতে পারে।