
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা থেকে সাহাপাড়া প্রায় সাত কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটির অবস্থা বেহাল। প্রায় চার বছর ধরে সংস্কার না করায় এ সড়কে ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করছে। ফলে এলাকাবাসী অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।
২০০৭ সালে ঢাকায় বৃক্ষপ্রেমিক কার্তিক পরামানিকের এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর অনুরোধে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইকবাল সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলার মনাকষা থেকে কার্তিক পরামানিকের বাড়ি তারাপুর ঠুটাপাড়া পর্যন্ত সড়কটি নির্মাণ করা হয়। ওই সরকারের আমলে সড়কটি অনুমোদিত হলেও নির্মাণকাজ সম্পন্ন হয় ২০১০ সালে। এলাকায় সড়কটি ‘কার্তিক সড়ক’ হিসেবে পরিচিত।
এ ব্যাপারে কার্তিক পরামানিক দুঃখ করে বলেন, ‘সড়ক দিয়ে যাওয়ার সময় এর অবস্থা দেখে মনে বড় কষ্ট পাই। মানুষ বেশ দুর্ভোগ পোহাচ্ছে। তাঁরা রাস্তাটি সংস্কারে আমাকেই তদবিরের জন্য অনুরোধ করেন। আমিও বহুবার জেলা সদরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কাছে গিয়েছি। উদ্যোগ নেওয়া হবে বলে প্রতিশ্রুতিও পাই। কিন্তু উদ্যোগ আর নেওয়া হয় না।’
সম্প্রতি কার্তিক পরামানিকের বাড়ি যাওয়ার পথে দেখা যায়, সড়কের বেশির ভাগ স্থানেই ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় পিচ ও খোয়া উঠে মাটি বেরিয়ে পড়েছে। ঝুঁকির মধ্যে যানবাহন চলাচল করছে।
এলাকাবাসী সূত্র জানায়, বহু বছর ধরে বারবার প্রতিশ্রুতি দিয়েও এলাকার জনপ্রতিনিধিরা সড়কটি নির্মাণ করে দেননি। ফলে সীমান্তবর্তী চর এলাকার মানুষের দুঃখ-কষ্টের সীমা ছিল না। বর্ষাকালে হাসপাতালে সময়মতো যেতে না পেরে অনেক রোগী মারা যেত। কৃষকেরা তাঁদের কৃষিপণ্য পরিবহন করতে না পেরে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতেন। কার্তিক পরামানিকের বদৌলতে প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে সড়কটি পাকা হয়। সম্প্রতি সড়কের গোপালনগর ঘাটে মরা পদ্মা নদীর ওপর প্রায় চার কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ ব্যাপারে কথা হয় তারাপুরের আনারুল ইসলাম (৩৬) ও ইউসুফ আলী (৪৫) এবং গোপালনগরের আক্তারুল ইসলাম (৩৫), মো. আমিন (৫০) ও ফরমান আলীর (৪০) সঙ্গে। তাঁরা অভিযোগ করেন, নির্মাণের চার-পাঁচ মাস পর থেকেই সড়কটি নষ্ট হতে শুরু করে। নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণেই সড়কের এ অবস্থা হয়েছে। এ সড়কে পণ্য ও যাত্রী পরিবহন অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলজিইডির শিবগঞ্জ উপজেলার উপসহকারী প্রকৌশলী শহীদুল আলম প্রথম আলোকে বলেন, ‘চর এলাকার বালু মাটির কারণেই সড়কটি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। নিম্নমানের নির্মাণের জন্য নয়।’
সহকারী প্রকৌশলী মকবুল হোসেন বলেন, সড়কটি মেরামতের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে।