কেরানীগঞ্জের শিশু পরাগ অপহরণ মামলার সাক্ষ্য গ্রহণ চার বছরেও শুরু হয়নি। রাষ্ট্রপক্ষের কৌঁসুলির অভিযোগ, সময়মতো বাদী না আসার কারণে মামলার কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। আলোচিত এই মামলাটি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন।
আদালত সূত্রে জানা যায়, এই মামলার মূল আসামি মোক্তার হোসেন ওরফে ল্যাংড়া আমিরকে গত ১০ আগস্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালতে আনা হলে পুলিশ হেফাজত থেকে তিনি পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক আছেন।
শিশু পরাগের বাবা বিমল মণ্ডল প্রথম আলোকে বলেন, সমন পাওয়ার পর তিনি আদালতে গিয়েছিলেন। কিন্তু ওই দিন তিনি সাক্ষ্য দিতে পারেননি। এখন নিরাপত্তাহীনতার কারণে আদালতে যেতে পারছেন না। তিনি বলেন, পরাগ অপহরণ ঘটনার পর থেকে বাসায় পুলিশ প্রহরা থাকলেও পরিবার নিয়ে সব সময় তাঁরা আতঙ্কে থাকেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল বারী প্রথম আলোকে বলেন, মোক্তার হোসেন আমির ছাড়া অন্য সব আসামি জামিনে আছেন। সেই কারণে হয়তো বাদী সাক্ষ্য দিতে আসছেন না। তিনি বলেন, মামলাটি চাঞ্চল্যকর মামলা, বাদী না আসায় বিচার এগোচ্ছে না।
২০১২ সালের ১১ নভেম্বর পরাগ অপহরণ ঘটনার পরদিন থেকে উচ্চ আদালতের নির্দেশে পরাগের পরিবারের নিরাপত্তার জন্য তাদের বাড়িতে পুলিশ প্রহরা দেওয়া হয়। এরপর থেকে সেখানে পুলিশ রয়েছে।
পরাগের মা লিপি মণ্ডল বলেন, অপরিচিত লোকজন দেখামাত্রই পরাগ দৌড়ে ঘরে চলে যায়। এরপর আর ঘর থেকে বের হয় না। তিনি আরও বলেন, বাসায় পুলিশ প্রহরা থাকলেও সবাই ভয়ে থাকে। পরাগ স্কুলে গেলে বাসায় না ফেরা পর্যন্ত আতঙ্কে থাকেন তাঁরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ রয়েছে। তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পরাগ অপহরণ মামলায় পলাতক আসামি আমির হোসেন ওরফে ল্যাংড়া আমিরকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
২০১২ সালের ১১ নভেম্বর সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যায় বাড়ির কাছে মা-বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের শিশু পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন রাতে পরাগ মণ্ডলের দাদি সাবিত্রী মণ্ডল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় চার ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন। অপহরণের ৬৪ ঘণ্টা পর কেরানীগঞ্জের আঁটিবাজারে অচেতন অবস্থায় পরাগকে ফেলে যায় দুর্বৃত্তরা।