রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের চার বছরের স্নাতক (সম্মান) কোর্স সাত বছরেও শেষ হয় না। ফলে এ বিভাগে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম। চারুকলা বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিভাগটি চালু হওয়ার পর এ পর্যন্ত ১১টি শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাস করে বের হয়ে গেছেন। এখনো রয়ে গেছে আটটি ব্যাচের শিক্ষার্থী, যেখানে থাকার কথা চারটি ব্যাচের শিক্ষার্থী। চারুকলা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষকদের অবহেলা আর সময়মতো ক্লাস-পরীক্ষা না নেওয়ার ফলে সম্মান কোর্সে আটটি ব্যাচের শিক্ষার্থীরা এখনো তাঁদের অনার্স কোর্স সম্পন্ন করতে পারেনি। ২০০৯ সালের ১০ জুলাই ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনার্স (চূড়ান্ত) পরীক্ষা শুরু হয়। এরপর প্রায় এক বছর পর ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সময়মতো পরীক্ষা না হওয়া এবং ফল প্রকাশিত না হওয়ায় ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কমপক্ষে চার বছরের সেশনজটে পড়েছেন। দীর্ঘদিন পরে তাঁদের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ এপ্রিল। অন্যদিকে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনার্স (চূড়ান্ত) পরীক্ষা ২০১০ সালের সেপ্টেম্বরে শুরু হয়ে তা চলে চার মাস ধরে। পরীক্ষা শেষ হওয়ার দীর্ঘ সাত মাস পর চলতি বছরের এপ্রিলে ফল প্রকাশ করা হয়। একইভাবে পরীক্ষা সময়মতো না হওয়ার কারণে ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে দুই বছরেরও বেশি সময় পার করতে হয়েছে। চারুকলা বিভাগের সভাপতি বিলকিস বেগম জানান, বিভাগে সেশনজট আছে, এটা সত্য। তবে তা থেকে বের হওয়ার উপায় খোঁজা হচ্ছে। এ ব্যাপারে বিভাগ আগের চেয়ে অনেক বেশি তৎপর হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো বন্ধ কিংবা শিক্ষার্থীরা যদি কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না করেন, তাহলে খুব শিগগিরই এ জট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি মনে করেন।