চার বছরের এডিপি বাস্তবায়নের হার সবচেয়ে কম
চলতি অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি সন্তোষজনক নয়। জুলাই-অক্টোবর সময়ে এডিপি বাস্তবায়িত হয়েছে মাত্র ১৩ শতাংশ, যা গত চার অর্থবছরের মধ্যে সবচেয়ে কম।
এডিপি কর্মসূচি ফলপ্রসূ করার জন্য প্রয়োজন বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো এবং পরিকল্পনা মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী মন্ত্রণালয় বা বিভাগগুলোর সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রয়াস।
আজ সোমবার ‘সরকারের গত মেয়াদের অর্থনৈতিক অর্জন এবং সামষ্টিক অর্থনৈতিক চলকসমূহের সাম্প্রতিক অবস্থান’ তুলে ধরে মন্ত্রিসভার বৈঠকে এডিপি বাস্তবায়নের চিত্রসহ গত পাঁচ বছরে সরকারের অগ্রযাত্রা, জিডিপি, বিনিয়োগ পরিস্থিতি, জীবনযাত্রার মান, দ্রব্যমূল্য, অভ্যন্তরীণ সম্পদ আহরণের চিত্র উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বৈঠকে সভাপতিত্ব করার কথা।
অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রতিবেদনটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এ-সংক্রান্ত সারসংক্ষেপে অর্থমন্ত্রী অনুমোদন করেছেন। প্রতিবেদনটিতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহাবুব আহমেদ।
এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে সরকার শুরুতেই রূপকল্প ২০২১ শিরোনামে অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা ও কর্মকৌশল প্রণয়ন করে। এর লক্ষ্য হলো ২০২১ সালের মধ্যে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলা ও দারিদ্র্যের হার ১৩ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনা এবং অসমতা ও মানবিক বঞ্চনা থেকে জনগণের সার্বিক মুক্তি।
পুরো প্রতিবেদনে মন্দা মোকাবিলায় সরকারের সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে। তবে সেই সঙ্গে এডিপি বাস্তবায়নে ধীরগতি ও বেসরকারি বিনিয়োগের শ্লথগতির কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বলা হয়েছে ভৌত অবকাঠামোর ঘাটতি, ভূমির অপ্রতুলতা ও রেজিস্ট্রেশন-সংক্রান্ত জটিলতার কারণে কয়েক বছর ধরে জিডিপি ২১ থেকে ২২ শতাংশের মধ্যে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে আছে।
প্রতিবেদন অনুযায়ী ২০১৩-১৪ অর্থবছরে জিডিপির প্রাক্কলন করা হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। উচ্চ রেমিট্যান্স প্রবাহ, সরকারি ব্যয়, সচল বেসরকারি খাত ও বর্ধিষ্ণু গ্রামীণ অর্থনীতি অভ্যন্তরীণ চাহিদার গতিকে সচল রেখে প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে। প্রবৃদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে দেশের অর্থনীতিতে ক্রমশ মৌলিক কাঠামোগত পরিবর্তন এসেছে। নানা প্রতিকূলতা সত্ত্বে প্রবাস এবং আমদানি ব্যয় বেড়েছে দিগুণ, বেড়েছে রপ্তানি আয়।
গত পাঁচ বছরে বৈদেশিক সম্পদ সংগ্রহ ও ব্যবহার বেড়েছে। ২০০৭-০৮ অর্থবছরের তুলনায় সাম্প্রতিক সময়ে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে প্রায় দুই গুণ।
গত সাত-আট বছরে জনগণের মাথাপিছু আয় দিগুণ হয়েছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু জিএনআই দাঁড়িয়েছে এক হাজার ১৯০ মার্কিন ডলার।
দারিদ্র্য ও চরম দারিদ্র্যের হার ২০০৯ সালের ৩৩ দশমিক ৪ ও ১৯ দশমিক ৩ শতাংশ থেকে ২০১৪ সালে যথাক্রমে ২৪ দশমিক ৩ ও ৯ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। গড় আয়ু বেড়ে ৬৯.০৪ বছর থেকে বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৭০.২৯ বছর।
২০০৭-০৮ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮ শতাংশ, ২০১২-১৩-১৪ সালে অর্থবছর শেষে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি নেমে এসেছে ৬ দশমিক ৯৭ শতাংশে।
অভ্যন্তরীণ সম্পদ আহরণে অগ্রগতি হয়েছে দিগুণ। বাজেটের আকার ৯০ হাজার ৬৯৬ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ৯১৬ কোটি টাকা। ২০০৭-০৮ অর্থবছরের তুলনায় ২০১৩-১৪ অর্থবছরের উন্নয়ন ব্যয় দাঁড়িয়েছে প্রায় তিন গুণ।
এ ছাড়া জীবনযাত্রর মান উন্নয়ন হয়েছে, দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, অভ্যন্তরীণ সম্পদ আহরণে অগ্রগতি হয়েছে, বাজেটের আকার ও উন্নয়ন ব্যয়ের সম্প্রসারণ হয়েছে।