চার বছরের কোর্স সাত বছরেও শেষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেশনজটের কারণে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিক্হ বিভাগের শিক্ষার্থীদের চার বছরের সম্মান (অনার্স) কোর্স সাত বছরেও শেষ হচ্ছে না। ফলে এ বিভাগের সম্মান কোর্সে এখন চারটি ব্যাচের স্থলে আটটি ব্যাচ জমা হয়েছে।আল-ফিক্হ বিভাগ সূত্রে জানা গেছে, আইন অনুষদভুক্ত আল-ফিক্হ বিভাগটি ২০০৩-০৪ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে। সাত বছরে এ বিভাগ থেকে এখন পর্যন্ত চার বছরের অনার্স কোর্স সম্পন্ন করে একটি ব্যাচও বের হতে পারেনি। বর্তমানে প্রথম বর্ষে চারটি ব্যাচের শিক্ষার্থীদের জট লেগেছে। আর দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে একটি করে ব্যাচ থাকলেও চতুর্থ বর্ষে দুটি ব্যাচ জমা হয়েছে। এ বিভাগে চার বছর মেয়াদি অনার্স কোর্সের আটটি ব্যাচের জন্য শিক্ষক আছেন পাঁচজন। আর মাস্টার্সের পাঠ্যসূচি এখনো তৈরি করা হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৩-৪ শিক্ষাবর্ষে এ বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সম্মান পাস করে এখনো বের হতে না পারলেও অন্যান্য বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা মাস্টার্স পাস করে বের হয়ে গেছেন। আর সমসংখ্যক শিক্ষার্থীর জন্য অন্যান্য বিভাগে পাঁচটি বর্ষের (মাস্টার্সসহ) জন্য ২০-২২ জন শিক্ষক থাকলেও এ বিভাগে আছেন মাত্র পাঁচজন। বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকদের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি ক্লাস নিতে হয় এ বিভাগের শিক্ষকদের। আবার আল-ফিক্হ বিভাগের অধিকাংশ কোর্স আইনবিষয়ক। অথচ আইনবিষয়ক কোর্সগুলোর পাঠদানের জন্য শিক্ষক আছেন মাত্র দুজন। এ ছাড়া অভিযোগ আছে, এ বিভাগের পাঁচজন শিক্ষকের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ কোন্দল। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরীক্ষার খাতা সর্বোচ্চ দুই থেকে তিন মাসের মধ্যে মূল্যায়ন করে জমা দেওয়ার নিয়ম থাকলেও এ বিভাগের শিক্ষকেরা অনেক সময় ১১ মাসেও খাতা জমা দেন না। আর শিক্ষকসংকটের বিষয়টি বিভাগের প্ল্যানিং কমিটিতে পাস করা হচ্ছে না। ফলে প্রশাসনও শিক্ষক নিয়োগ দিতে পারছে না।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, পুরো অনিয়মের জন্য বিভাগের শিক্ষকদের অভ্যন্তরীণ কোন্দল ও বর্তমান সভাপতি দায়ী। শিক্ষার্থীরা দুই মাস আগে উপাচার্যের কাছে বিভাগের সমস্যার কথা তুলে ধরলে উপাচার্য বিভাগীয় সভাপতি হামিদা খাতুনকে সমস্যা সমাধানের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ ব্যবস্থা নেননি বিভাগীয় সভাপতি। এ বিষয়ে বিভাগের সভাপতি হামিদা খাতুন প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকসংকটই সেশনজটের মূল কারণ, এখন শুধু শিক্ষকস্বল্পতা দূর হলেই এ সেশনজট দূর করা সম্ভব।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করার পদক্ষেপ হিসেবে গত রোববার আল-ফিক্হ বিভাগ পরিদর্শন করেছি। আমি বিভাগীয় শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।’