চার বছরের মধ্যে সারা দেশে বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে বিদ্যুৎ বিভাগের বিল বাবদ বকেয়ার পরিমাণ ৮০৬ কোটি টাকা। আজ বৃহস্পতিবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানিয়েছেন।

হুইপ আতিউর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চার বছরের মধ্যে সারা দেশকে বিদ্যুতের আওতায় আনা হবে। এ জন্য অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে না।

এর আগে এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, সরকারের মন্ত্রণালয় ও বিভাগের কাছে বকেয়ার পরিমাণ ৪০১ কোটি এবং আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৪০৫ কোটি টাকা। উল্লেখযোগ্য বকেয়ার মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে ২৭৯ কোটি ৪৫ লাখ, গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে ১১০ কোটি ২৬ লাখ, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে ৬৩ কোটি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কাছে ৪৩ কোটি ২৩ লাখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ৩৯ কোটি ৪১ লাখ, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ৩৫ কোটি ৪৯ লাখ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কাছে ৩৫ কোটি ৭৮ লাখ, ধর্ম মন্ত্রণালয়ের কাছে ২৪ কোটি ৪৩ লাখ, যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে ২০ কোটি ১১ লাখ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ১৭ কোটি ৯৭ লাখ টাকা। বকেয়া আদায়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দেওয়া হয়েছে।

ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে বিদ্যুত্ প্রতিমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে তেল-গ্যাসের কোনো তথ্য-উপাত্ত সরকারের কাছে নেই। কারণ এ বিষয়ে আগে কোনো অনুসন্ধান জরিপ হয়নি। তবে এ-সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য জরিপকাজ হাতে নেওয়া হয়েছে। মিয়ানমারের সমুদ্রসীমানা-সংশ্লিষ্ট গভীর সমুদ্রের তিনটি ব্লকে পিএসসি স্বাক্ষরের প্রক্রিয়া চলমান। অবশিষ্ট ব্লকগুলোতে উত্পাদন বণ্টন চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় পার্টির পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রীর পক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, সম্প্রচার নীতিমালার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হচ্ছে না। এটি তো নীতিমালা, আইন নয়, সবার জন্য বাধ্যতামূলক নয়। তিনি আরও বলেন, কোনো একটি বাহিনীর এক-দুজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এক-দুই জন ব্যক্তির জন্য পুরো বাহিনীর সমালোচনা করা নৈতিকভাবে ঠিক নয়। সেটাই সম্প্রচার নীতিমালায় পরিষ্কার করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও এমন নীতিমালা আছে।

টেবিলে উত্থাপিত মোহাম্মদ ইলিয়াছের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, ভারতের আইনে বাংলাদেশি টিভি চ্যানেলের ডাউনলিংকে কোনো বাধা নেই। বাধা হচ্ছে ডাউনলিংকের উচ্চ ফি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডাউলিংকের ফি কমানোর চেষ্টা চলছে।

ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, দেশে বছরে চিনির চাহিদা ১৪ লাখ মেট্রিক টন। দেশের ১৫টি চিনিকল চাহিদার ৭ থেকে ৮ শতাংশ চিনি উত্পাদন করে। যে কারণে চিনি আমদানি করতে হয়। তবে দেশের বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে চাহিদার অতিরিক্ত চিনি আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, দেশে নারী আয়করদাতার সংখ্যা ১ লাখ ৯২  হাজার ৯২৪ জন।