চার বছরের শিশু ধর্ষণের শিকার
মংলায় চার বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষণের অভিযোগে কিশোর সুজয় রায়কে (১৪) আটক করে গতকাল বুধবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।শিশুটির মা মংলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রামে মেয়েকে নিয়ে বসবাস করেন। তিনি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারী শ্রমিক হিসেবে মাটি কাটার কাজ করেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে শিশুটি পাশের একটি মাঠে খেলতে যায়। বিকেল পাঁচটার মধ্যেও সে ফিরে না এলে তিনি খুঁজতে বের হন। অন্য শিশুদের কাছে জানতে পারেন, চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মেয়েটিকে পাশের সুজয় রায় তাদের বাড়িতে ডেকে নিয়ে গেছে। তিনি ওই বাড়িতে ঢুকে সন্তানকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে সুজয়ের বাবা তারাপদসহ আশপাশের লোকজনকে ঘটনাটি জানান। গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।