চার বছরের শিশুর ক্ষতবিক্ষত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় শহরের তুলারডাঙ্গায় নিখোঁজের এক দিন পর আশামণি নামে চার বছরের এক শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে আশামণির শরীরে কাটাছেঁড়া দাগ থাকলেও ওর বাবা-মাসহ এলাকাবাসী শিশুটিকে ‘জিন’ হত্যা করেছে বলে মনে করছে। এদিকে সুরতহাল পরীক্ষায় হত্যাকাণ্ডের আলামত পাওয়া গেলেও পুলিশ এখনো কাউকে আটক করেনি।
নিহত আশামণির বাবা শহরের তুলারডাঙ্গা মহল্লার আশরাফুল ইসলাম এবং মা লিপি আক্তার। তাঁরা বলেন, তাঁদের সন্তানকে জিন নিয়ে গিয়েছিল। সময়মতো ফেরত দিয়েছে। ওঝা (তান্ত্রিক) ডেকে প্রতিবেশীসহ তাঁরা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে দাবি করেন আশরাফুল ও লিপি। তাঁরা আরও বলেন, কারও প্রতি তাঁদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই যাতে সন্তানকে হস্তান্তর করা হয়, সে জন্য পুলিশের কাছেও দেনদরবার করেন এই বাবা-মা।
নিহত শিশুটির পরিবার ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে খেলাধুলার একপর্যায়ে নিখোঁজ হয় আশামণি। এরপর থেকে প্রতিবেশীসহ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজেও আর শিশুটিকে পায়নি। পরে শিশুটিকে কোথাও খুঁজে না পেয়ে রাতভর সদর উপজেলার জগদল এলাকার এক ওঝাকে ডেকে এনে রাতভর চলে তন্ত্রমন্ত্র। একপর্যায়ে ওই ওঝা বলেন, জিনদের কাছে শিশুটি ভালো আছে, বাগানে খেলছে। বিকেলে আসরের আজানের পর জিনেরা শিশুটিকে দিয়ে যাবে।
এদিকে বুধবার সকাল গড়িয়ে বিকেল হয়। এ সময় আশরাফুলের প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে সাজু (১৪) প্রকৃতির ডাকে সাড়া দিতে তাদের ঘরের পেছনে যায়। এ সময় শিশুটির লাশ ওপর থেকে ছেলেটির সামনে এসে পড়ে। এ ঘটনায় আতঙ্কিত সাজু চিৎকার দিয়ে জ্ঞান হারায়। চিৎকার শুনে শিশুটির চাচা আলম ছুটে ঘটনাস্থলে এসে আশামণির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
সাজু জানায়, জিন ওপর থেকে তার সামনে শিশুটিকে ফেলে দেয়।
সাজুর বাবা জাহাঙ্গীর বলেন, তাঁর ছেলে জন্ম থেকেই চোখে ভালো দেখতে পায় না। আর ওপরের দিকে একেবারেই দেখতে পায় না। নিচে মাটির দিকে খুবই অস্পষ্ট দেখতে পায়।
এদিকে পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আনম আবদুল করিম বলেন, ‘এটা অবশ্যই কোনো অমানুষের কাজ।’
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার বলেন, জিনের গল্পটি সাজানো। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কাটা দাগ ও ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। কিন্তু তারপরও শিশুটির লাশ নিতে তার পরিবারের সদস্যসহ ওই মহল্লার শতাধিক বাসিন্দা থানায় ভিড় করে। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দিয়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ তৈরি করেন। তবে তিনি জানান, পুলিশ দাবি মেনে নেয়নি। শিশুটির লাশের ময়নাতদন্ত হয়েছে। থানায় অপমৃত্যু (ইউডি) মামলাও হয়েছে। তবে বাবা-মায়ের কোনো অভিযোগ না থাকায় এখনো কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।