দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা শাখার দায়ের করা দুটি মামলায় চারজন বন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. ফজলুল হক ওই অভিযোগপত্র দাখিল করেন।জানা গেছে, ২০০৯ সালে কালী কৃষ্ণনগর সাব-বিটের ৪৭, ১০ ও ২৩৩ নম্বর দাগের বাগানের ২১ লাখ ৬৪ হাজার ৮৪১ টাকা মূল্যের গাছ/লট পরস্পর যোগসাজশে বিক্রি করেন কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা (বর্তমানে ঢাকা বন ভবনে কর্মরত) মো. আরিফুল হক বেলাল (৩৫), বিট কর্মকর্তা খন্দকার ওয়াহিদুজ্জামান (৩৫) ও রেঞ্জ কর্মকর্তা সুধাংশু রঞ্জন দাস (৫১)। তাঁদের বিরুদ্ধে ২০১০ সালের ২ নভেম্বর কুমিল্লার বুড়িচং থানায় দুদক একটি মামলা করে।দীর্ঘ সময়ে তদন্তের পর গতকাল সোমবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় (অভিযোগ নম্বর ২১৬)। দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী চার্জশিট দেওয়া হয়।অন্যদিকে, ২০১০ সালে একই এলাকা থেকে বিট কর্মকর্তা খন্দকার ওয়াহিদুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল এবং রেঞ্জ কর্মকর্তা মো. হারুনুর রশিদ (৪২) ১৭ লাখ ৮৮ হাজার ৮৪৩ টাকা মূল্যের গাছ/লট অবৈধভাবে কর্তনপূর্বক অপসারণ ও আশ্বস্ত করেন। এ ব্যাপারে দুদক কুমিল্লার সহকারী পরিচালক বুড়িচং থানায় ২০১০ সালের ২ নভেম্বর দুদক আইনে মামলা করেন। মামলায় সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।