চার বন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন
বিভাগীয় বন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।
যাঁদের অভিযুক্ত করা হয়েছে তাঁরা হলেন, সাবেক বিভাগীয় বন কর্মকর্তা রিজাউল সিকদার, সহকারী বন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত হেডম্যান অরুণাময় চাকমা এবং উপবন সংরক্ষক এ এস এম জহিরউদ্দিন আকন।
দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার, বনজ সম্পদ আত্মসাৎ এবং ঘুষ নেওয়ার অভিযোগে পাঁচজনকে আসামি করে ২০০৬ সালের ১৬ সেপ্টেম্বর একটি মামলা করে দুদক। এর তদন্ত করেন উপসহকারী পরিচালক মো. রিয়াজউদ্দিন।
ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ২৬ নভেম্বর আরেকটি মামলা করে দুদক। আসামি করা হয় সাবেক বিভাগীয় বন কর্মকর্তা (বর্তমানে উপবন সংরক্ষক) এ এস এম জহিরউদ্দিন আকনকে। মামলাটি তদন্ত করেন উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিউল্যা।
আলাদা তদন্তে চার কর্মকর্তা দোষী সাব্যস্ত হন। চূড়ান্ত প্রতিবেদনের মাধ্যমে দায়মুক্তি দেওয়া হয় সাবেক ডেপুটি রেঞ্জার গিয়াস উদ্দিন আহমেদ এবং বক্তিয়ার হোসেনকে। এঁদের মধ্যে বক্তিয়ার হোসেন বেঁচে নেই।
দুদকের ডাকে সাড়া দেননি পীযূষ বন্দ্যোপাধ্যায়:
দুদকের ডাকে সাড়া দেননি এফডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়। এফডিসিতে আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির দুটি অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে ১৩ জানুয়ারি তলবি নোটিশ দেয় দুদক। আজ মঙ্গলবার তাঁর হাজির হওয়ার কথা ছিল।
ঘটনার সময় এফডিসির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ দুটি অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মো. হামিদুল হাসান।
অভিযোগের অনুসন্ধান পর্যায়ে ইতিমধ্যে এফডিসি, দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য, সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্টসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।