সুন্দরবনের কটকায় ইউনেসকো ঘোষিত অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ শিকার করতে দেওয়ার অভিযোগে চার বনকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বুধবার সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ ওই চারজনের বরখাস্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
২৩ মার্চ ইউনেসকোর তিন সদস্যের প্রতিনিধিদল অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ শিকার করতে দেখে বিস্ময় প্রকাশ করে।
বরখাস্ত হওয়া বনকর্মীরা হলেন সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য এলাকায় কর্মরত বনরক্ষী সবুর মোল্লা, নৌকাচালক আনিসুর রহমান, নাসির উদ্দিন হাওলাদার ও মোশাররফ হোসেন।
এ ব্যাপারে সুন্দরবন পূর্ব বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল উদ্দিন আহম্মেদ বলেন, ইউনেসকো সুন্দরবনের যেসব এলাকা অভয়ারণ্য ঘোষণা করেছে, সেসব এলাকায় বন বিভাগ মাছ শিকার নিষিদ্ধ করে। ওই বনকর্মীরা তা জেনেও সেসব এলাকায় জেলেদের অবৈধভাবে মাছ শিকার করার সুযোগ করে দেন।