চার বন্ধুকে সাগরে রেখে ফিরতে হলো
সেন্ট মার্টিন সমুদ্রসৈকতে গোসলে নেমে নিহত হয়েছেন দুই সহপাঠী বন্ধু। নিখোঁজ আছেন চার সহপাঠী। এ অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যায় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ২৪ জন শিক্ষার্থী সেন্ট মার্টিন ছেড়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
এর আগে গতকাল সোমবার একই সঙ্গে গোসলে নামলে পানিতে ডুবে মারা যান মানফেজুল ইসলাম ইভান (২৩) ও সাদ্দাম হোসেন অঙ্কুর (২৩)।
সরেজমিনে আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাটে গিয়ে দেখা যায়, ওই ২৪ জন দল বেঁধে আছেন। তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় কথা হয় নিখোঁজ ছাত্রদের সহপাঠী মইনুল হাসান ওরফে শুভ্র, মো রাফিউরজ্জামান, রেজাউল ইসলাম ও মো. আরমানের সঙ্গে।
তাঁরা জানান, তাঁরা ৩৪ জন গত রোববার ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যান। সেখান থেকে গতকাল সকালে বাসে করে টেকনাফ পৌঁছে এলসিটি কুতুবদিয়া জাহাজে চড়ে সেন্ট মার্টিনে রওয়ানা হন। দুপুর ১২টার দিকে তাঁরা দ্বীপে পৌঁছান। তাঁরা সেখানে আবাসিক হোটেল সেন্ট সৌর রিসোর্টে অবস্থান করছিলেন। বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা দ্বীপের জেটি ঘাটের উত্তর-পূর্ব পাশে প্রিন্স হ্যাভেন পয়েন্ট দিয়ে গোসলে নামেন। এরপর ঘটে যায় ভয়াবহ এ দুর্ঘটনাটি। স্রোতের টানে ভেসে যাচ্ছেন তাঁরা কয়েকজন। তাঁর মধ্যে অনেকেই নিজকে কূলে ফিরিয়ে আনার চেষ্টাও চালিয়েছেন ব্যাপক। অনেকেই কূলে ফিরলেও দেরি হয় মানফেজুল ইসলাম ওরফে ইভান, সাদ্দাম হোসেন ওরফে অঙ্কুর, ফয়সাল বিন হাবিব, আসিফ মোস্তবা, ফারহান-উল হক, ইশতিয়াক বিন মাহমুদ, শাহরিয়ার ইসলাম নোমান, সাব্বির হাসান ও এস এম গোলাম রহিম বাপ্পীর। শেষ পর্যন্ত ইভান, অঙ্কুর, ফয়সাল, আসিফ, ফারহান ও ইফতেখারকে উদ্ধার করে আনা হয়। পরে ইভান, ও অঙ্কুরকে টেকনাফ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাঁদের মৃত ঘোষণা করেন। কিন্তু ইশতিয়াক, নোমান, সাব্বির ও বাপ্পীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই তিন শিক্ষার্থী আরও জানান, ‘চোখের সামনে প্রিয় বন্ধুদের সাগরে ডুবে যেতে দেখেছি। কিন্তু সাঁতার না জানায় তাদের আমরা বাঁচাতে পারিনি।’