চার বাংলাদেশিকে এখনো মুক্তি দেয়নি নাসাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পুলিশ কনস্টেবলসহ চার বাংলাদেশিকে এখনো মুক্তি দেয়নি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা। গত বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে তাঁদের আটক করে নাসাকা। নাসাকার হাতে আটক চার বাংলাদেশি হলেন উখিয়া উপজেলার বালুখালী টিভি রিলে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ কনস্টেবল ইরফান সরকার, ইমরান হোসেন ও মুজিবুর রহমান এবং কুতুপালং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম। বিজিবির কর্মকর্তারা জানান, গতকাল শনিবার বিকেল পর্যন্ত আটক চার বাংলাদেশি নাসাকার ঢেকুবনিয়া ফাঁড়িতে ছিলেন। বিজিবির কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ঘুমধুম সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ছবি তোলার একপর্যায়ে ওই চার বাংলাদেশি ভুলক্রমে মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েন। ওই সময় নাসাকা তাঁদের আটক করে। বিজিবির কর্মকর্তারা গত তিন দিন নানাভাবে চেষ্টা করেও তাঁদের ফেরত আনতে পারেননি। বিজিবির একজন কর্মকর্তা বলেন, তিন পুলিশ কনস্টেবল ভুলক্রমে মিয়ানমারে ঢুকে পড়েছেন—এ কথা নাসাকার কর্মকর্তারা বিশ্বাস করছেন না। তাঁরা ওই চার বাংলাদেশিকে গুপ্তচর বলে সন্দেহ করছেন। এ কারণে তাঁদের ছেড়ে দিতে নাসাকা টালবাহানা করছে। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, ‘আটক বাংলাদেশিদের ছাড়িয়ে আনতে আমরা নাসাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। অন্যায়ভাবে তাঁদের আটক রাখার ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে নাসাকার কাছে চিঠি পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে বাংলাদেশিদের মুক্তি না দিলে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালাতে হবে।’ লে. কর্নেল খালেকুজ্জামান আরও বলেন, নাসাকা বাহিনীর সেক্টর কমান্ডার চার বাংলাদেশিকে ফেরত পাঠাবেন বলে আশ্বাস দিয়েছেন। কিন্তু কখন ছাড়বেন, তা বলছেন না।পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, আটক বাংলাদেশিদের ছাড়িয়ে আনতে চেষ্টা চালাচ্ছেন বিজিবির কর্মকর্তারা।