চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বাংলাদেশিকে গতকাল রোববার ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশি গরু ব্যবসায়ীদের একটি দল ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত এলাকায় ভারতীয় গরু আনতে গেলে এ ঘটনা ঘটে।চার ব্যক্তি হলেন: মহেশপুরের শরীষাঘাটার মতিয়ার রহমান, তেঁতুলবাড়িয়ার শফিকুল ইসলাম ও জহুরুল ইসলাম এবং চুয়াডাঙ্গার জীবননগরের শহিদুল ইসলাম। ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ তাঁদের ধরে নিয়ে যায়।ফিরে আসা একজন গরু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, গত রোববার ভোরে তাঁরা ১৫-২০ জন গরু আনতে কুসুমপুর এলাকার সীমান্তের ৬১ নম্বর পিলারের কাছে গেলে ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ তাঁদের তাড়া করে। মতিয়ার, শফিকুল, জহুরুল ইসলাম ও শহিদুল এ সময় ধরা পড়েন।মতিয়ার রহমানের বাবা রবিউল হক দাবি করেন, তাঁর ছেলেকে বাংলাদেশের ভেতর থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ।গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চার বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুসুমপুর কোম্পানি কমান্ডার আবুল আজিজ জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। দ্রুতই চার বাংলাদেশিকে ফেরত পাবেন বলে তাঁরা আশা করছেন।