চার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
দুই বছর আগে দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতের দিল্লিতে আসা চার বাংলাদেশি কিশোর-কিশোরীকে আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বিকেলে হরিদাসপুর-বেনাপোল সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এদের মধ্যে রয়েছে এক কিশোরী ও তিনজন কিশোর। এদের বয়স এখন ১৪ থেকে ১৫ বছর। প্রায় দুই বছর আগে এরা অবৈধভাবে দিল্লিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরে তাদের দিল্লির সরকারি চিলড্রেন হোমসের তত্ত্বাবধানে দেওয়া হয়। ওই চারজনকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা মাই হোম ইন্ডিয়া। সংস্থাটি চারজনের ঠিকানা সংগ্রহ করে। তাদের বাড়ি পিরোজপুর, নাটোর ও ঢাকা জেলায়। বিভিন্ন সময় এরা দালালদের হাত ধরে প্রলোভনে পড়ে অবৈধভাবে কলকাতা হয়ে দিল্লিতে আসে।
মাই হোম ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুনীল দিওধর তাঁর সংস্থার চার কর্মকর্তাকে নিয়ে আজ বৃহস্পতিবার সকালে রাজধানী এক্সপ্রেস ট্রেনে করে দিল্লি থেকে কলকাতা হয়ে চলে যান বেনাপোল সীমান্তে। সেখানে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে ওই চারজনকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
মাই হোম ইন্ডিয়ার কর্ণধার সুনীল দিওধর প্রথম আলোকে বলেন, গত দুই বছরে বিভিন্ন সময় এই চার কিশোর-কিশোরী দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। সরকারি চিলড্রেন হোমসে তাদের সন্ধান পেয়ে তারা বাংলাদেশে ওই কিশোর–কিশোরীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। তবে তিনি এই চার বাংলাদেশির নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।