চার বাংলাদেশিকে ১৮ দিন পর ছেড়ে দিল নাসাকা
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা ১৮ দিন পর গতকাল রোববার দুপুরে আটক তিন পুলিশসহ চার বাংলাদেশিকে মুক্তি দিয়েছে। গতকাল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের টেকনাফ নিয়ে আসেন।বিজিবির সূত্র জানায়, গত ১৩ মার্চ বিকেলে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ভুলে মিয়ানমার ভূখণ্ডে ঢুকলে চার বাংলাদেশিকে আটক করে নাসাকা। আটক ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া বালুখালী টিভি রিলে স্টেশনের নিরাপত্তারক্ষী পুলিশের সদস্য মুজিবুর রহমান, ইফরান সরকার ও ইমরান হোসেন এবং কুতুপালং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে মিয়ানমারের মংডু শহরে বিজিবি ও নাসাকার মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে মিয়ানমারের অভিবাসন কর্তৃপক্ষ তিন পুলিশসহ চার বাংলাদেশিকে বিজিবির সদস্যদের কাছে হাতে হস্তান্তর করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ১১টার দিকে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের ক্যাপ্টেন এইচ কামরুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল মিয়ানমারে যায়। বেলা একটার দিকে চার বাংলাদেশিকে নিয়ে তাঁরা টেকনাফ আসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া ও টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রমুখ। জেলা পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, একটি শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তিন পুলিশ সদস্য মিয়ানমার সীমান্ত এলাকায় যেতে পারেন না। তাঁদের ছাড়িয়ে আনতে বিজিবির কর্মকর্তাসহ দেশের অনেককে দুর্ভোগ পোহাতে হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।