চার বিদ্যালয়ের মাঠে পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়পুরের রাখালিয়া উচ্চ​বিদ্যালয়ের সামনের মাঠে গরুর হাট। গতকাল তোলা ছবি l প্রথম আলো
রায়পুরের রাখালিয়া উচ্চ​বিদ্যালয়ের সামনের মাঠে গরুর হাট। গতকাল তোলা ছবি l প্রথম আলো

লক্ষ্মীপুরের রায়পুরে তিনটি এবং ময়মনসিংহের নান্দাইলে একটি বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। এতে এসব বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের মাঠে বাঁশ পুঁতে রাখায় শিক্ষার্থীদের চলাচলে সমস্যা হচ্ছে। এ ছাড়া গরু-ছাগলের মলমূত্র থেকে আসা দুর্গন্ধের কারণে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছে।
রায়পুরের রাখালিয়া উচ্চবিদ্যালয়ের মাঠে কোরবানির গরুর হাট বসানো হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়। এ ছাড়া উপজেলার কাজীর দীঘিপাড় সমাজকল্যাণ উচ্চবিদ্যালয় এবং কে এস পাবলিক উচ্চবিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়। এ জন্য মাঠে বাঁশের খুঁটি পোঁতা হয়েছে। আর এ কারণে সাত-আট দিন ধরে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলাও বন্ধ।
রাখালিয়া উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ে শিক্ষার্থী ৮৭৮ জন। এখানে সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার হাট বসে। এতে পাঠদানে সমস্যা হচ্ছে। রাখালিয়া উচ্চবিদ্যালয়ের মাঠের ইজারাদার আব্বাছ উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের যাতে ক্ষতি না হয়, সে জন্য আমাদের কর্মীরা সতর্ক রয়েছে। হাট বসানোর জন্য প্রশাসন থেকে অনুমোদন নেওয়া হয়েছে।’ এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন আলম বলেন, বিদ্যালয়সংলগ্ন পতিত মাঠ গরুর হাটের জন্য ইজারা দেওয়া হয়েছে। কোনো ইজারাদার পাঠদান ব্যাহত করে হাট বসালে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবক ইমাম হোসেন বলেন, ‘কাজীর দীঘিরপাড় সমাজকল্যাণ উচ্চবিদ্যালয়ের মাঠে পশুর হাট থাকায় আমার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকছি। এ কারণে শিক্ষার্থীদের পড়া-লেখাও ব্যাহত হয়।’
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। ওই এলাকার এক ইউনিয়ন পরিষদ সদস্য এ হাট বসিয়েছেন। অথচ সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো নিষেধ। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও সড়কের পাশে পশুর হাট না বসানোর জন্য সরকারের নির্দেশনা রয়েছে।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা যায়, উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম চৌরাস্তার পাশে অবস্থিত ৯২ নম্বর বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর মাঠজুড়ে বাঁশের খুঁটি পোঁতা হয়েছে। হাটে আসা পশুর বর্জ্য ও অন্য আবর্জনায় বিদ্যালয়ের আঙিনা সয়লাব হয়ে আছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, তাদের বিদ্যালয়ের হাটে সারা বছরই হাট বসে। প্রতি সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার হাটবার। পঞ্চম শ্রেণির এক ছাত্র বলে, গরুর হাট বসানোয় মানুষের ভিড় বেড়েছে। হাট চলাকালে পড়াশোনায় মন বসানো যায় না। বিদ্যালয়ের দুজন শিক্ষক বলেন, এ বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী আছে। আগামী ২৩ তারিখ পর্যন্ত বিদ্যালয় খোলা থাকবে, তারপর ঈদের ছুটি। হাট বসানোর পর থেকে গত দুই দিন বিদ্যালয়ে শিক্ষার্থী আসা কমে গেছে। খারুয়া এলাকার ইউপি সদস্য মো. মিলন মিয়া বিদ্যালয়ের মাঠে এই হাট বসিয়েছেন। প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, তিনি এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেননি। এ বিষয়ে শুক্রবার রাতে মুঠোফোনে মিলন মিয়া বলেন, ‘প্রশাসন বিদ্যালয়ের মাঠ আমাদের ইজারা দিয়েছে। তাই মাঠে হাট বসিয়েছি।’
ভারপ্রাপ্ত ইউএনও বলেন, বিদ্যালয় পরিদর্শন করে তিনি হাটের ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।