চার বিভাগে চলছে 'আনন্দে শিখি ইংরেজি মেলা'
ইংরেজিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকা, সিলেট, খুলনা ও বরিশালের ৩৭টি উপজেলায় চলছে মেলা। ‘আনন্দে শিখি ইংরেজি’ নামের এই মেলাটির আয়োজক ইংলিশ ইন অ্যাকশন। গত ২৮ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা শেষ হবে ৮ অক্টোবর
যুক্তরাজ্য সরকারের অর্থায়নে আয়োজিত এই মেলায় সম্পৃক্ত আছেন শিক্ষক, শিক্ষার্থীসহ দেশজুড়ে ইংরেজি শিখতে আগ্রহীরা। ইংলিশ ইন অ্যাকশন কার্যক্রমের টিম লিডার ইয়োহান বেনটিঙ্কট বলেন, ইংলিশ ইন অ্যাকশনের এই আয়োজনের লক্ষ্য হলো বাংলাদেশে ইংরেজি শিক্ষায় আগ্রহীদের কাছে পৌঁছানো। ইংলিশ ইন অ্যাকশনের এই উদ্যোগ একটি বৃহত্ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলবে।
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) এ দেশীয় পরিচালক সারাহ কুক বলেন, যুক্তরাজ্য সরকার ইংলিশ ইন অ্যাকশনের ইংরেজি শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের কয়েক লাখ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এর লক্ষ্য ২০১৭ সালের মধ্যে ৭৫ হাজার প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং প্রায় এক কোটি শিক্ষার্থীকে ইংরেজি বলায় দক্ষ করে তোলা
‘আনন্দে শিখি ইংরেজি—ইংলিশ ইন অ্যাকশন’ নামের এই মেলাটিতে গল্প করার ছলে পাঠ, খেলা এবং মুঠোফোনের মাধ্যমে ইংরেজি শিক্ষার ব্যাপারে জনগণকে সচেতন ও আরও আগ্রহী করে তোলা হয়। সহজে ও বিনোদনমূলক পদ্ধতিতে ইংরেজি শিক্ষার বক্তব্যই তুলে ধরবে এই মেলা। সরকারের প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে উপজেলা শিক্ষা দপ্তরগুলোর সহায়তায় আয়োজিত হচ্ছে এই মেলা।
ইংলিশ ইন অ্যাকশনের কর্মকর্তারা বলেন, সবার জন্য উন্মুক্ত এই মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কৃষক, দোকানি, গৃহিণী সব বয়সের ছেলে-মেয়ের জন্য রয়েছে তথ্য, শিক্ষা এবং বিনোদনের জন্য পৃথক পৃথক বুথ। এখানে তাঁরা ইংলিশ ইন অ্যাকশনের ক্লাসরুম, বিবিসি জানালার পাঠ, খেলার মাধ্যমে শিক্ষা, নাটক এবং শিক্ষকদের জন্য ব্যবহারিক উন্নয়নমূলক প্রিন্ট ও অডিও উপকরণ সম্পর্কে জানতে পারবেন।