চার বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা
বৈশাখের পর জ্যৈষ্ঠে সারা দেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বৈশাখ বিদায় নিয়েছে। আজ ২ জ্যৈষ্ঠ। তবে ঝড়-বৃষ্টির তেমন দেখা নেই। গতকাল বৃহস্পতিবার সামান্য বৃষ্টি হয়েছে, তবে দেশের বেশির ভাগ স্থানই ছিল বৃষ্টিশূন্য।
স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট ও বরিশালে সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাদারীপুর জেলায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঢাকাসহ বেশির ভাগ জেলায় বৃষ্টি হয়নি।
বৃষ্টিহীনতা এবং তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের প্রচণ্ড গরম পড়েছে। এই দুটি বিভাগের প্রায় সব জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় ৪১, রাজশাহী ও সাতক্ষীরায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এসব জায়গায় গরমের তীব্রতা আরও কয়েক দিন থাকবে।
তুলনামূলকভাবে রাজধানী ঢাকায় গরম খানিকটা কম, ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর টেকনাফবাসী বেশ স্বস্তিতে আছেন, কারণ সাগরঘেঁষা এই এলাকায় সবচেয়ে কম ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।