চার বিভাগে শিক্ষক নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অন্যত্র বদলি হয়ে গেছেন। গত শনিবার থেকে ওই পদটি শূন্য রয়েছে। এ ছাড়াও কলেজের ১০ বিভাগে মাত্র ২১ জন প্রভাষকের পদের মধ্যেও ১১টিই রয়েছে শূন্য। এর মধ্যে চার বিভাগে একজন শিক্ষকও নেই। বিভাগগুলো হলো অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও দর্শন। শিক্ষকসহ নানা সংকট প্রকট হয়ে উঠেছে কলেজটিতে।জানা গেছে, কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ পদের সংখ্যা ২৩। সম্প্রতি পাঁচজন প্রভাষক পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হয়ে গেছেন।কলেজটি ১৯৮৫ সালে স্থাপিত হয়। ১৯৯৮ সালের ৭ সেপ্টেম্বর কলেজটি জাতীয়করণ হয়। সরকারীকরণের সময় শুধু কর্মরত শিক্ষকদের প্রভাষক পদে আত্তীকরণ হয়। ফলে কোনো কোনো বিষয়ে শুধু একজন প্রভাষকের পদ সৃষ্টি করা হয়। এতে কোনো শিক্ষক বদলি বা অন্য কারণে অন্যত্র চলে গেলে সেই বিভাগটি শিক্ষকশূন্য হয়ে পড়ে। কলেজটি ডিগ্রি পর্যায়ের। কিন্তু এখনো সেটি চলছে বেসরকারি সময়ের ধরন অনুযায়ী। ডিগ্রি কলেজের ধরন অনুযায়ী এর পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়নি।বর্তমানে অর্থনীতি বিভাগে পদ আছে দুটি। দুটি পদই শূন্য রয়েছে। ইসলাম শিক্ষা বিভাগে পদ একটি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পদ দুটি, একটি শূন্য। ইংরেজি বিভাগে পদ একটি। ইতিহাস বিভাগে পদ দুটি, একটি শূন্য। উদ্ভিদবিজ্ঞান বিভাগে পদ একটি। গণিত বিভাগে পদ একটি। দর্শন বিভাগে পদ দুটি, দুটিই শূন্য। পদার্থবিদ্যা বিভাগে পদ একটি। বাংলা বিভাগে পদ তিনটি, একটি শূন্য। রসায়ন বিভাগে পদ একটি। এই পদে কর্মরত প্রভাষকের সম্প্রতি পদোন্নতি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পদ দুটি, দুটিই শূন্য এবং সমাজবিজ্ঞান বিভাগে পদ রয়েছে দুটি, দুটিই শূন্য। অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও দর্শন বিভাগে অতিথি শিক্ষক দিয়ে পাঠদান চালু রাখার চেষ্টা চলছে।আসমা বেগম নামের কলেজের এক শিক্ষার্থী বলেন, কলেজে শিক্ষক কম। প্রায়ই নিয়মিত ক্লাস হয় না।অপরদিকে কলেজটিতে অবকাঠামোগত নানা রকম সমস্যা রয়েছে। কলেজের পৃথক প্রশাসনিক ভবন নেই। ফলে প্রশাসনিক কার্যক্রমও সুষ্ঠুভাবে চালানো কষ্টকর হয়ে পড়েছে। কলেজটি মৌলভীবাজার সরকারি কলেজের পরীক্ষাকেন্দ্র। অথচ কলেজের কোনো পৃথক ভবন নেই। এইচএসসি, বিএ বা বিএসএস, সম্মান ও মাস্টার্স কোর্সের নিয়মিত পরীক্ষা হচ্ছে এই কলেজে। পরীক্ষা চলার সময় পাঠদান ব্যাহত হয়। নানা কারণে বছরের প্রায় ছয় মাসই কলেজের পাঠদান বন্ধ থাকে। এ ছাড়া গভীর নলকূপ না থাকায় পানিসংকট রয়েছে।কলেজটিতে ১০টি বিভাগে বর্তমানে ছাত্রী রয়েছেন এক হাজার ১০০ জন। তাঁদের জন্য ১৩৩ আসনের একটিমাত্র ছাত্রীনিবাস আছে। কিন্তু সেখানে তত্ত্বাবধায়কের জন্য কোনো বাসভবন নেই; নেই নিয়মিত কোনো কর্মচারী। ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়ে অস্থায়ী কর্মচারী দিয়ে ছাত্রীনিবাস চালানো হচ্ছে। ইংরেজি বিভাগের প্রভাষক ও ছাত্রীনিবাস পরিচালনা কমিটির সদস্য আবদুল মালিক গত শনিবার প্রথম আলোকে বলেন, হোস্টেল সুপারের জন্য বাসভবন নেই।কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘কলেজের প্রভাষকের শূন্যপদ পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়মিত প্রতিবেদন পাঠাচ্ছি। চারটি বিভাগ একেবারেই শিক্ষকশূন্য। এ অবস্থায় পাঠদান চালিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে।