চার বিভাগে ১৬৫ করদাতা সম্মানিত
‘সমৃদ্ধির সোনালি দিন আনতে হলে আয়কর দিন/ সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার দেশের বিভাগীয় শহরগুলোতে শুরু হয়েছে আয়কর মেলা। এবার চার বিভাগে ১৬৫ জন সেরা ও দীর্ঘমেয়াদি করদাতাকে সম্মাননা জানানো হয়েছে।
বরিশালে সকালে নগরের ক্লাব রোড এলাকার আঞ্চলিক কর কার্যালয় থেকে শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আয়কর দিবসের কর্মসূচি। শোভাযাত্রা ও আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নগরের অশ্বিনীকুমার হলে সপ্তাহব্যাপী আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আয়কর রাষ্ট্রের মূল সোপান। নাগরিকেরা নিয়মিত আয়কর দিলে রাষ্ট্র কখনোই অর্থসংকটে পড়বে না।
বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মো. জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য চৌধুরী আমির হোসেন, বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান। বরিশালে ৩৫ জন করদাতাকে সম্মাননা জানানো হয়।
রংপুর বিভাগে সম্মাননা জানানো হয় ৪৫ জন করদাতাকে। জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে তাঁদের হাতে এই সম্মাননা পদক তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান। রংপুরের কর কমিশনার অনিমেষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মীর মুস্তাক আলী, অতিরিক্ত কর কমিশনার আবদুস শহীদ কবির, কাস্টমস ও ভ্যাট কমিশনার মজিবর রহমান।
খুলনায় আয়কর দিবস পালিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে। সম্মাননা জানানো হয় বিভাগের মোট ৫৫ জন করদাতাকে।
নগরের খালিশপুর ফেয়ারওয়ে হলে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। খুলনা কর অঞ্চলের কর কমিশনার সুনীল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য লোকমান চৌধুরী, খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক প্রমুখ।
রাজশাহী কর অঞ্চলের আয়োজনে সকালে আঞ্চলিক কর অফিস থেকে শোভাযাত্রা বের হয়। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে হয় আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার।
রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ফিরোজ শাহ আলম, কর কমিশনার হাফিজ আহমেদ মুর্শেদ, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, কাস্টমস কমিশনার আবদুল মান্নান শিকদার। রাজশাহীর ৩০ জন করদাতাকে সম্মাননা জানানো হয়।
{তথ্য দিয়ে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রংপুর, বরিশাল ও খুলনা অফিস}