চার বিশিষ্ট ব্যক্তিকে হুমকির প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নামে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি রানা দাশগুপ্ত এবং দুজন সরকারি কৌঁসুলিকে হুমকি দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে নাগরিক সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যমঞ্চ এবং মুক্তিযুদ্ধের পক্ষের নাগরিক ও বিভিন্ন সংগঠনের পক্ষে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গি সংগঠনগুলো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। এর ধারাবাহিকতায় কাউকে খুন করা হয়েছে, কাউকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে জঙ্গিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নইলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা বলেন, অনপুম সেন শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। তাঁকে হুমকি দিয়ে জঙ্গিরা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি। প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক, শিক্ষক নেতা অঞ্চল চৌধুরী প্রমুখ।