চার বিশ্ববিদ্যালয়ের এলএলবি উত্তীর্ণদের নিবন্ধন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি চারটি বিশ্ববিদ্যালয়ের এলএলবি উত্তীর্ণদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এগুলো হচ্ছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি (আম্বান), ইবাইস বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার বার কাউন্সিল আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আইন বিষয়ে সনদ লাভের পর আইন পেশায় যোগ দেওয়ার জন্য বার কাউন্সিলে এনরোলমেন্ট (অন্তর্ভুক্তি) পরীক্ষা দিতে হয়। নিবন্ধন ফরম পূরণ করে আদালতে পেশা পরিচালনা করতে তালিকাভুক্তির জন্য আবেদন ও পরীক্ষা দিতে হয়।
বার কাউন্সিল ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আরও তদন্তের প্রয়োজন থাকায় অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের এলএলবি উত্তীর্ণদের নিবন্ধন দেওয়া স্থগিত রাখা হয়েছে। প্রাইম বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস (মিরপুর-১) থেকে এবং সাউদার্ন ইউনিভার্সিটি চট্টগ্রামের মেহেদীবাগ প্রধান ক্যাম্পাস থেকে এলএলবি উত্তীর্ণদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
লিখিত বক্তব্যে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, মালিকানা অথবা অবৈধ ক্যাম্পাস নিয়ে আদালতে মামলা থাকার কারণে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন শিক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিবন্ধন দেওয়া স্থগিত রাখা হয়েছে। ওই সব বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বার কাউন্সিলের পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভাইস চেয়ারম্যান জানান, এখন থেকে দুই বছর মেয়াদি এলএলবি পাস কোর্সে উত্তীর্ণদের অন্তর্ভুক্তি পরীক্ষায় (এনরোলমেন্ট) অংশ নেওয়ার জন্য বার কাউন্সিল সুযোগ দেবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বছরে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করলে তাদের এনরোলমেন্ট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেবে না বার কাউন্সিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়মকানুন বা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ অমান্য করে আইন শিক্ষা দেওয়া হলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আইনে ডিগ্রিপ্রাপ্তদের বার কাউন্সিল নিবন্ধন দেবে না।
এ সময় বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, গোলাম মোস্তফা খান, মো. সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।