বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২২ বছর পর চারটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি চালুর অনুমোদন মিলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কলেজে পাঠানো এক চিঠিতে সম্প্রতি বিষয়টি জানানো হয়।
কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ কলেজে ২৬টি বিষয়ে এমবিবিএস ডিগ্রি চালু রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯০০। এত দিন কোনো বিষয়েই স্নাতকোত্তর ডিগ্রি চালু না থাকায় এমবিবিএস পাসের পর শিক্ষার্থীদের অন্যত্র গিয়ে ভর্তি হতে হতো। সম্প্রতি কয়েকটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি খোলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিএসএমএমইউয়ের একটি প্রতিনিধিদল কলেজ পরিদর্শন করে। পরে স্নাতকোত্তর পড়ানোর বিদ্যমান সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে হৃদ্রোগ বিভাগে ‘ডি কার্ড’, শিশুরোগ বিভাগে ‘ডিসিএইচ’, নাক-কান ও গলা বিভাগে ‘ডিএলও’ এবং অবেদনবিদ বিভাগে ‘ডি অর্থো’ কোর্স চালুর অনুমোদনের জন্য সুপারিশ করে।
অধ্যক্ষ বলেন, প্রতিনিধিদলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই চারটি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর অনুমতি দেয়। বিএসএমএমইউয়ের পরিচালক (পরিদর্শন) অধ্যাপক আবু সফি আহমেদ আমিন স্বাক্ষরিত একটি চিঠি রোববার কলেজে এসে পৌঁছায়। স্নাতকোত্তর ডিগ্রি চালুর অনুমতির মধ্য দিয়ে এ কলেজের শিক্ষার্থীদের চিকিৎসাবিদ্যায় উচ্চশিক্ষার সুযোগ অবারিত হলো।