চার বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়নের মতো চারটি বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে সারা বিশ্ব যখন জঙ্গিবাদের উৎপাত দ্বারা আক্রান্ত, তখন গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাইবার অপরাধ ও সন্ত্রাস দমন, গণতন্ত্রকে রক্ষা ও টেকসই উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ নিয়েও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।’ ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ রাজনৈতিক ও আর্থসামাজিক বিষয়ে ঘনিষ্ঠ মিত্র’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ, সন্ত্রাস মোকাবিলা, গণতন্ত্র রক্ষা ও টেকসই উন্নয়ন—এ চারটি বিষয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র গভীরভাবে এবং একসঙ্গে কাজ করবে বলে আমরা একমত হয়েছি।’
এ সময় মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘আমরা গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আলোচনা করেছি। পৃথিবীর যেকোনো দেশেই গণমাধ্যমের উন্নয়নের সুযোগ রয়েছে। এ বিষয়ে আমরা কীভাবে সহযোগিতা নিতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে।’