চার বিষয়ের বই পায়নি আট সহস্রাধিক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির সাড়ে আট হাজার শিক্ষার্থী চার বিষয়ের বিনা মূল্যের পাঠ্যবই পায়নি।
গত রোববার এ উপজেলায় পাঠ্যবই বিতরণ উৎসব হয়। ওই দিন প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সব বিষয়ের বই পেয়েছে। কিন্তু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে দুই বিষয়ের বই তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা মন খারাপ করে বাড়ি ফেরে। গতকাল বুধবার পর্যন্ত এসব শিক্ষার্থী চার বিষয়ের বই পায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৫৭টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ৮ হাজার ৫০৩ জন শিক্ষার্থী রয়েছে। তাদের চার বিষয়ের বই আসেনি। তাই রোববার বাংলা ও ইংরেজি বিষয়ের বই দেওয়া হয়।
গতকাল জানতে চাইলে উপজেলা সদরের হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা প্রথম আলোকে বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা চার বিষয়ের বই পায়নি। কবে নাগাদ এসব বই পাওয়া যাবে, শিক্ষা কার্যালয় থেকে এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি।
বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন বলেন, তাঁর বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ৬২ জন শিক্ষার্থী রয়েছে। গত রোববার থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। তবে সব বই না পাওয়ায় পঞ্চম শ্রেণির ক্লাস পুরোপুরি চালু করা যাচ্ছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম মিজানুর রহমান বলেন, চলতি সপ্তাহের মধ্যেই পঞ্চম শ্রেণির সব বই আনার চেষ্টা চলছে। বই আসা মাত্রই বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে।