চার বেকারিকে জরিমানা

রাজধানীর খিলগাঁও চৌরাস্তা ও গোড়ান এলাকার চারটি বেকারিকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন একটি ভ্রাম্যমাণ আদালত। ঢাকা জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে গতকাল সোমবার এ আদালত পরিচালনা করেন। অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার তৈরি ও অনুমোদন ছাড়া বিক্রির দায়ে এ দণ্ড দেওয়া হয়।
প্রতিটি বেকারিই অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রি করছিল। চার বেকারির মধ্যে খিলগাঁওয়ের ফাহাদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. আলমগীর হোসেনকে ২০ হাজার টাকা, ফ্রেশ আল-আমিন বেকারির ব্যবস্থাপক মো. ইসমাইলকে ২০ হাজার, সুপার স্টার বেকারির মালিক আবুল কালাম শাহকে ৭০ হাজার এবং গোড়ান বাজারের সততা বেকারির ব্যবস্থাপক মো. আবু সিদ্দিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম অমিতাভ পরাগ তালুকদার আদালত পরিচালনা করেন। সঙ্গে ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মো. জাহিদুর রহমান। বিজ্ঞপ্তি।