চার ব্যবসায়ীর দণ্ড, ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গত দুই দিন দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছেন। অভিযান চলাকালে ফরিদপুরে চার মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং পচা-বাসি খাবার সংরক্ষণের দায়ে রাজশাহী ও চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীয়ার মতিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। মাদক বহনের দায়ে অপর তিন যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের ব্রাহ্মণকান্দায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। দুই বছরের দণ্ডাদেশ পাওয়া রিপন শেখের (২৬) বাড়ি ফরিদপুর সদরের কবিরপুরে। অপর তিনজন হলেন জিল্লুর রহমান (২৪), আনোয়ারুল ইসলাম (২৪) ও মো. রাজু আহমেদ (২৩)। তাঁদের সবার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর গ্রামে।রাজশাহী: গত বৃহস্পতিবার আটটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগরের লক্ষ্মীপুর এলাকার তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, হোটেল ক্যাফে রাজকে ১০ হাজার, খুকুমণি কনফেকশনারিকে ১৫ হাজার, সাব্বির স্টোরকে ১০ হাজার, বিশাল স্টোরকে পাঁচ হাজার, সাহেববাজার এলাকার রাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার, বিপণি কনফেকশনারিকে দুই হাজার টাকা ও মিতা স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করেন।সীতাকুণ্ড (চট্টগ্রাম): অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত সুপার মার্কেটের পানামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, অমলেন্দু সেন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পাঁচ হাজার, কণিকা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, আল-আমিন হোটেলকে পাঁচ হাজার টাকাসহ ১২টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।