চার ব্যাংকারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরস্পর যোগসাজশে ৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চার কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, আজ বুধবার রাজধানীর শাহবাগ থানায় দুদকের উপপরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয় দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ভবন নির্মাণের ঋণ নিয়ে তা আত্মসাতে তাঁরা জড়িত।

মামলার আসামিরা হলেন- ইউসিবিএলের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইখতেয়ার উদ্দিন আহমেদ, সহকারী ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন পাঠান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (আইন বিভাগ) মসিউদ্দিন হোসাইন এবং আলমপনা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদ।

মামলার এজাহারে বলা হয়, দুর্নীতি ও জালিয়াতি এবং জাল নকশার মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডে আলমপনা ভবন নির্মাণ করা হয়। ১৫ তলা ওই ভবনের একই ফ্ল্যাট পরে একাধিক গ্রাহকের কাছে বিক্রি করা হয়।

এজাহারে আরও বলা হয়, ব্যাংক কর্মকর্তারা ভুয়া নামজারির কাগজপত্রের মাধ্যমে ব্যাংকটির শান্তিনগর শাখা থেকে ৭ কোটি ৭০ লাখ টাকা ঋণের নামে ছাড় করেন। এ ক্ষেত্রে ফ্ল্যাটের তথ্য যাচাই বাছাই না করেই টাকা ছাড় করেন ব্যাংক কর্মকর্তারা। এ ছাড়া চারজন ক্রেতার কাছ থেকে ফ্ল্যাট বিক্রির নামে আরও ১ কোটি ৮৩ লাখ টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়।