বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় চারটি ব্যাংকের আরও ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁরা প্রাইম ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল), যমুনা ব্যাংক ও এক্সিম ব্যাংকের কর্মকর্তা।
গতকাল সোমবার বিকেলে সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে এই ২০ ব্যাংক কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। দুদকের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা ওই নোটিশে তাঁদের আগামী ২ ও ৩ জুন দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।
নোটিশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন প্রাইম ব্যাংকের ইব্রাহিম হোসেন গাজী, এ কে এম জানে আলম, মোহাম্মদ তাহেরুজ্জামান, ইসবাহুল বার চৌধুরী (বরখাস্ত), আবু তাহের মো. জাকারিয়া, আবদুল্লাহ আল মামুন, মো. তারিক পারভেজ জুয়েল, মো. রফিকুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ, কামাল হোসেন, মো. হাবিবুর রহমান, এম আই খালেদ, মোহাম্মদ জামিল হোসেন, এস এম খোরশেদ আলম; যমুনা ব্যাংকের মো. মোজাম্মেল হোসেন; এক্সিম ব্যাংকের মো. ফকরুল ইসলাম এবং ইউসিবিএলের মোহাম্মদ ফারুক, কাজী মহিবুল ইসলাম, মো. জাইরুল ইসলাম, এম সহিদুল ইসলাম। অন্য ব্যাংকগুলোর নোটিশপ্রাপ্ত কর্মকর্তারাও প্রাইম ব্যাংকের সাবেক কর্মকর্তা।
দুদক সূত্র জানায়, তাঁদের অনুসন্ধান দল ইতিমধ্যে অর্ধশতাধিক ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে।