চার ব্লগারের মামলার কার্যক্রম তিন মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার ব্লগারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা পৃথক দুটি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ মামলা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি এ আদেশ দেন। রুলে ওই মামলা দুটি কেন বাতিল ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে।
ইন্টারনেটের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গত ১৭ এপ্রিল পুলিশ ব্লগার আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটিতে এবং ব্লগার মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজের বিরুদ্ধে অন্যটিতে তথ্য ও প্রযুক্তি আইনে প্রসিকিউশন দাখিল করে। ফলে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় দুটি মামলা হয়। এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গত ১ ও ৩ এপ্রিল চার ব্লগারকে গ্রেপ্তার করা হয়। তাঁরা জামিনে আছেন।
পরে গত ৮ সেপ্টেম্বর একটি মামলায় আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে এবং অপর মামলায় মশিউর রহমান বিপ্লব, সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের বিরুদ্ধে ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে চারজন হাইকোর্টে পৃথক আবেদন করেন। আজ আবেদনের ওপর শুনানি হয়।
আদালতে চার ব্লাগারের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজউদ্দিন ফকির ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনর রশীদ। জ্যোতির্ময় বড়ুয়া পরে প্রথম আলোকে বলেন, চার ব্লগারের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে করা দুটি মামলার কার্যক্রম হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছেন।