চার ব্লগার-প্রকাশক হত্যার তদন্তই এখনো শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার রায় হলেও আরও চারজন ব্লগার-প্রকাশক হত্যা মামলাগুলোর তদন্তই এখনো শেষ হয়নি। কোনো কোনো মামলায় জড়িত খুনিরা গ্রেপ্তারও হয়নি। তবে মামলাগুলোর তদন্তকারী সংস্থা বলছে, তদন্তে অগ্রগতি আছে।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে ব্লগার রাজীব হত্যার ঘটনায় করা মামলার রায় হয়েছে গত বৃহস্পতিবার। রায়ে দুজনকে মৃত্যুদণ্ডাদেশ, একজনকে যাবজ্জীবন এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ব্লগার-প্রকাশক-মুক্তমনা লেখকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম রায়।
বাকি মামলাগুলোর মধ্যে ঢাকায় ব্লগার আসিফ মহীউদ্দিন হত্যাচেষ্টা এবং ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তবে বিচারকাজ শুরু হয়নি। কিন্তু ব্লগার অভিজিৎ রায়, অনন্ত বিজয় দাস, নীলাদ্রি চট্টোপাধ্যায়, প্রকাশক ফয়সল আরেফিন হত্যা মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি। প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী ও দুই ব্লগার-লেখকের ওপর হামলার মামলার তদন্তেও একই অবস্থা। আসিফ মহীউদ্দিনের ওপর হামলার ঘটনা ছাড়া বাকি সব ঘটনাই গত বছরের। এসব ঘটনায় পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমকে সন্দেহ করলেও জড়িত ব্যক্তিদের ধরতে পারেনি।
ব্লগার ওয়াশিকুর হত্যা ও ব্লগার আসিফ মহীউদ্দিনকে হত্যাচেষ্টার মামলার বিষয়ে ঢাকা মহানগর আদালতের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, এ দুটি মামলায় পুলিশ পলাতক আসামিদের বিষয়ে প্রতিবেদন না দেওয়ায় এগুলো ঝুলে আছে।
সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় কাজ করা প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশে লেখক ও ব্লগার হত্যায় জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তরা লেখক-ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে গুরুতর জখম করে। এ ঘটনায় শাহবাগ থানায় করা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবি ওই মামলায় এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। তবে এঁদের কারও বিরুদ্ধেই ওই হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত থাকার বিষয়টি প্রমাণিত হয়নি। ওই আটজন হলেন শফিউর রহমান ফারাবি, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক তৌহিদুর রহমান, সাবেজ আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মো. আবুল বাশার ও সাদেক আলিম।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ বিষয়ে বলেন, অভিজিৎ হত্যায় জড়িত সাতজনকে চিহ্নিত করা হয়েছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ১০ মাসেও অপরাধীদের ধরতে না পারায় ক্ষুব্ধ অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক অজয় রায়। বুধবার তিনি প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন অপরাধীকে শনাক্ত করা হয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে—কয়েক মাস ধরে ভাঙা রেকর্ডের মতো ডিবি এ কথা বলে যাচ্ছে। আমি তো তাদের সদিচ্ছা নিয়ে মাঝেমধ্যে সন্দিহান হয়ে পড়ি। দিন সাতেক পরে যাব ডিবি অফিসে। দেখি তারা কী বলে। না হলে তদন্তের অগ্রগতি জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করব।’
৩০ মার্চ তেজগাঁওয়ে রাস্তার ওপর ব্লগার ওয়াশিকুরকে কুপিয়ে হত্যা করা হয়। জনতা খুনিদের ধাওয়া করে এবং একজন হিজড়া দুজনকে ধরে ফেলেন। এঁরা হলেন জিকরুল্লাহ ওরফে হাসান ও আরিফুল ইসলাম। এ মামলায় এ দুজনসহ পাঁচজনের বিরুদ্ধে ডিবি ১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রভুক্ত অন্য তিন আসামি হলেন সাইফুল ইসলাম ওরফে মানসুর, জুনায়েদ আহমেদ ও আবদুল্লাহ ওরফে আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে বড় ভাই। এঁদের মধ্যে জুনায়েদ ও আকরাম পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবেদন না আসায় মামলাটি ঝুলে আছে।
১২ মে সিলেটের সুবিদ বাজারে খুন হন বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। এ মামলায় সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মান্নান রাহী ও তাঁর ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেপ্তার করে পুলিশ। এঁদের মধ্যে মান্নান রাহী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া ঢাকায় অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ২৮ অক্টোবর ফটোসাংবাদিক ইদ্রিস জামিন পান।
গত বছরের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে নিজ বাসায় কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয়কে। এ ঘটনায় খিলগাঁও থানায় করা মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এ মামলায় যথেষ্ট অগ্রগতি রয়েছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা সাদ আল নাহিয়ানকে প্রত্যক্ষদর্শীরা শনাক্ত করেছেন। এ ছাড়া হত্যাকাণ্ডের পরে সামাজিক গণমাধ্যমে বার্তা পাঠিয়ে হত্যার দায় স্বীকারকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার রয়েছেন আরও তিনজন। মামলাটির তদন্ত চলছে।
৩১ অক্টোবর প্রায় একই সময়ে রাজধানীতে দুটি পৃথক ঘটনায় চারজনের ওপর হামলা হয়। এর মধ্যে শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা প্রকাশক ও জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিনকে। লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ ও দুই লেখক-ব্লগারকে কুপিয়ে জখম করা হয়। এ দুই ঘটনায় করা দুটি মামলাও তদন্ত করছে ডিবি। তবে কোনো মামলার তদন্তে এখনো তেমন অগ্রগতি নেই।